ফরিদপুরের সদরপুরে পাঁচ মাস ধরে বিদ্যুৎহীন ৪৩ গ্রাম, দুর্ভোগে ১০ হাজার মানুষ

প্রকাশ : 19 Nov 2026
ফরিদপুরের সদরপুরে পাঁচ মাস ধরে বিদ্যুৎহীন ৪৩ গ্রাম, দুর্ভোগে ১০ হাজার মানুষ

অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলের ৪৩টি গ্রামে পাঁচ মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নদীর তলদেশে স্থাপিত সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ায় প্রায় ১ হাজার ৭০০ পরিবারের ১০ হাজারের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় পুরো এলাকা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, বিপাকে পড়েছেন খামারিরাও।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ জুন সকাল আটটার দিকে ঢাকার দোহার থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপিত সাবমেরিন কেবল ছিঁড়ে যায়। এরপর থেকে দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৪০টি এবং চর নাসিরপুর ইউনিয়নের তিনটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।


বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে পারছেন না বাসিন্দারা। মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। সোলার প্যানেল থাকলেও তা দিয়ে সীমিত পরিসরে লাইট ও ফ্যান চালানো সম্ভব। বিদ্যুৎ সংকটে গবাদিপশুর খামারিরাও বিপাকে পড়েছেন। অন্যদিকে সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।


নন্দলালপুর গ্রামের বাসিন্দা নয়ন শেখ বলেন, পাঁচ মাস ধরে এলাকায় বিদ্যুৎ নেই। সন্ধ্যা হলেই অন্ধকারে থাকতে হয়। ছেলেমেয়েদের পড়াশোনাসহ দৈনন্দিন নানা কাজে ভোগান্তি হচ্ছে।


স্থানীয় বাসিন্দাদের দাবি, ২০২২ সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালুর পর থেকে এ পর্যন্ত চারবার একই ধরনের বিপর্যয় ঘটেছে। প্রতিবারই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থেকেছে। দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, প্রায় ১০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।


ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দোহারের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকী খান বলেন, নদীর তলদেশে প্রবল স্রোতের কারণে আপাতত কেবল স্থাপন করা সম্ভব হচ্ছে না। তবে নতুন সাবমেরিন কেবলের বরাদ্দ পাওয়া গেছে। আশা করা হচ্ছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে।


এদিকে গত ১২ নভেম্বর জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম। জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, পদ্মায় প্রবল স্রোত ও নদীর তলদেশে পলি জমে থাকায় কেবল মেরামতের চেষ্টা সফল হয়নি। দ্রুত সংযোগ চালুর জন্য চার কিলোমিটার নতুন সাবমেরিন কেবল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ চালুর পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত খবর

;