স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বিষয়টি রাত ২টা ৫৫ মিনিটে নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের (ভারপ্রাপ্ত) উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির।
গ্রেফতারের আগে রাত ১টার কিছু পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পুলিশের উপস্থিতির কথা জানান জ্যোতিকা জ্যোতি। তিন দফায় প্রায় ৫০ মিনিটের লাইভের একপর্যায়ে ডিবি সদস্যরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে জানা গেছে। লাইভে তিনি দাবি করেন, কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই পুলিশ তাকে আটক করতে এসেছে। এ সময় ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবিরের সঙ্গে তার কথা-কাটাকাটিও হয়। নিজের ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি অপরাধ হতে পারে না।
পরবর্তীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে কয়েকটি মামলা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে কোন কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। একই দিন তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে ডিএমপি। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতারের কথাও জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে বলে অভিযোগ ওঠে। জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপের সদস্যদের তালিকায় ছিল।
পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জ্যোতিকা জ্যোতি। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট দিতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
এ ঘটনার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। সেসময় তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ তুলে সহকর্মীদের একাংশ তার বিরোধিতা করেন। পরে তিনি অফিস ত্যাগ করেন। এরপর ২০২৪ সালের ১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।
সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে অভিযোগ জমা পড়া মানেই তা প্রমাণিত হওয়া নয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে কী উপস্থাপন করা হয় এবং আদালত কী সিদ্ধান্ত দেন, সেদিকে এখন সবার নজর।
ডেস্ক রিপোর্ট: জীবনের দীর্ঘ পথপরিক্রমায় কত চেনা মুখ আসে, আবার সময়ের স্রোতে হারিয়ে যায় কত প্রিয় মানুষ। এই যান্ত্রিক শহরের ব্যস্ততা ছাপিয়ে স্মৃতির রোমন্থন আর ভালোবাসার সুবাস ছড়াতে আগামী ২৮ নভেম্বর রাজধা ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। ‘রুনা মহল’ নামে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে শিল্পীর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি স ...
স্টাফ রিপোর্টার: বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’। ইউনেস্কো-স্বীকৃত বেসরকারি সংস্থা ভাবনগর ফাউন্ ...
বিনোদন রিপোর্টঃ বাবা ও ছেলের হৃদয়স্পর্শী সম্পর্কের ভালোবাসা ও আত্মিক বন্ধনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ইসলামিক কাওয়ালি গান ‘সাকী’ (SAAQI)। ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় MUSLAH অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গ ...
সব মন্তব্য
No Comments