দুই দিনব্যাপী চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬ শুরু

প্রকাশ : 14 Nov 2026
দুই দিনব্যাপী চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬ শুরু

স্টাফ রিপোর্টার: বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’। ইউনেস্কো-স্বীকৃত বেসরকারি সংস্থা ভাবনগর ফাউন্ডেশন আয়োজিত এবারের উৎসবের প্রতিপাদ্য ‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল-ফকির, সাধকশিল্পী, গবেষক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা ও চর্যাসংগীতের আসর অনুষ্ঠিত হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির বিশিষ্ট গবেষক ও উন্নয়নকর্মী ড. ম্যাক্স স্টীলে। তিনি বলেন, ‘ভাবনগর ফাউন্ডেশন প্রাচীন বাংলার বৌদ্ধ তান্ত্রিক সাধনসংগীত চর্যাপদের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জাগরণের কাজটিই করে চলেছে। এই কর্মকাণ্ডে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সাধকশিল্পীদের অংশগ্রহণ সত্যিই বিস্ময়কর।’


তিনি আরও বলেন, ‘সম্প্রতি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে অসংখ্য স্থানীয় সাধকশিল্পীর পরিবেশনায় চর্যাপদের গানের আসরে বসে গান শোনার সৌভাগ্য আমার হয়েছে। আমার জীবনে এমন অভিজ্ঞতা ঘটবে, তা কখনো কল্পনাও করতে পারিনি। ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে সাধকদের মধ্যে সত্যিকার অর্থেই চর্যাপদের গানের পুনর্জাগরণ ঘটেছে। এটি বাংলাদেশের জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের এক অসাধারণ দৃষ্টান্ত।’


বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় বলেন, ‘চর্যাপদ নিয়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সময় থেকে দীর্ঘকাল ধরে গবেষণা হয়েছে। কিন্তু এই প্রাচীন সাধনসংগীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগ বিশেষভাবে প্রশংসনীয়। চর্যাপদের গানে যে নির্বাণের কথা বলা হয়েছে, তার মূলে রয়েছে ব্যক্তিস্বার্থ, আসক্তি ও মোহের ঊর্ধ্বে উঠে মহাসুখ অর্জনের সাধনা। চর্যাপদের গান পুনর্জাগরণের সঙ্গে যুক্ত সাধকেরা এই সংগীতচর্চার মধ্য দিয়ে প্রকৃত অর্থেই নির্বাণসুখের সন্ধান করছেন।’


বিশেষ বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা বলেন, ‘ভাবনগর ফাউন্ডেশনের চর্যাপদ পুনর্জাগরণ কার্যক্রমকে এখন একটি সাংস্কৃতিক আন্দোলন হিসেবে অভিহিত করা যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধকশিল্পীরা তাঁদের নিজস্ব সংগীত-অভিজ্ঞতা ও বহুমাত্রিক সুরের মধ্য দিয়ে চর্যাপদের গানকে জনমানুষের গানে পরিণত করেছেন। এর ফলে চর্যাপদ কেবল প্রাচীন সাহিত্যের নিদর্শন হিসেবে সীমাবদ্ধ থাকছে না; জীবন্ত সংগীত-ঐতিহ্য হিসেবে নতুনভাবে বিকশিত হচ্ছে।’


সিলেটি নাগরীলিপি গবেষক মোস্তফা সেলিম বলেন, ‘বাংলার প্রাচীন সংগীতের ধারা সময়ের সঙ্গে বহুভাবে বিকশিত হয়েছে। চর্যাপদ আমাদের সেই সংগীত-ঐতিহ্যের সূচনাবিন্দুর কথা স্মরণ করিয়ে দেয়। পরবর্তী সময়ে সিলেট অঞ্চলের সাধককবি গোলাম হুসেন, কুষ্টিয়ার লালন সাঁইসহ বিভিন্ন সাধকের মধ্য দিয়ে সাধনসংগীতের যে ধারা বিকশিত হয়েছে, তার উত্তরাধিকার আজও বাংলার সাধকদের মধ্যে প্রবহমান। ভাবসাধকদের কণ্ঠে চর্যাপদের গানের পুনর্জাগরণ সেই ঐতিহাসিক ধারাবাহিকতাকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ সৃষ্টি করেছে।’


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জোবায়ের আবদুল্লাহ বলেন, ‘চর্যাপদ এতদিন আমাদের বাংলা বিভাগের পাঠক্রমে প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন হিসেবে পঠিত হয়ে এসেছে। এখন সেই চর্যাপদ সাধকদের অধিগত হয়েছে এবং তাঁদের সংগীতচর্চার মধ্য দিয়ে নতুন জীবন লাভ করেছে। এই প্রক্রিয়া বিশ্বের সমকালীন জ্ঞানচর্চায় জীবন্ত ঐতিহ্য, স্থানীয় জ্ঞান ও জনগোষ্ঠীর অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার প্রবণতার সঙ্গে সংগতিপূর্ণ।’


অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য দেন কবি, অনুবাদক ও গবেষক শাহেদ কায়েস এবং কবি ও গবেষক ড. আসাদ আহমেদ।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরিকতে আহলে বায়েত বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সভাপতি ডা. শামসুল আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘চর্যাপদ যে অর্থে সাধনসংগীত, সেই অর্থে সুফি সাধনার সঙ্গেও এর গভীর সাদৃশ্য রয়েছে। সুফিবাদ যেমন গুরুমুখী বিদ্যা, চর্যাপদও তেমনি গুরুমুখী সাধনবিদ্যার অন্তর্গত। চর্যার পদে বারবার গুরুর নৈকট্য লাভ ও গুরুর নির্দেশনায় সাধনপথে অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে। বাংলার বিভিন্ন সাধনধারার মধ্যে এই অন্তর্নিহিত সাদৃশ্য আমাদের সমন্বয়মূলক সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় বহন করে।’


উদ্বোধনী অনুষ্ঠানে চর্যাসংগীত পরিবেশনা

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধকশিল্পীরা সমবেত কণ্ঠে চর্যাপদের আদি কবি লুইপা রচিত প্রথম পদ ‘কাআ তরুবর’ পরিবেশন করেন। এরপর সাধিকা সৃজিনী তানিয়া ডুগি-একতারা ও ঘুঙুরবাদনের সহযোগে রাগাশ্রয়ী ধারায় ভৈরবী রাগে কাহ্নপা রচিত চর্যাপদের ১৯ সংখ্যক পদ ‘ভব নির্বাণে পড়হ মাদলা’ এককভাবে পরিবেশন করেন। তাঁর পরিবেশনায় প্রাচীন চর্যাপদের বাণী, রাগাশ্রয়ী সুর ও সাধনসংগীতের নিজস্ব পরিবেশনরীতি বিশেষ মাত্রা যোগ করে।


উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধকশিল্পীরা সমকালীন বাংলা ভাষায় চর্যাপদের গান পরিবেশন করেন। বরিশালের সাধকশিল্পী শাহ আলম দেওয়ান চাটিলপা রচিত চর্যাপদের ৫ সংখ্যক পদ ‘এ ভব নদী গম্ভীর বেগে’, শরীয়তপুরের শিলা মল্লিক কাহ্নপা রচিত চর্যাপদের ১৩ সংখ্যক পদ ‘তিশরণের নৌকা আমার’, পাবনার ফকির আবুল হাশেম কাহ্নপা রচিত চর্যাপদের ১২ সংখ্যক পদ ‘সদগুরু বোধে দাবা খেলে জিতি’ এবং জামালপুরের হেলাল উদ্দীন কাহ্নপা রচিত চর্যাপদের ১৮ সংখ্যক পদ ‘তিনটি ভুবন পার করে দেয়’ পরিবেশন করেন।


চর্যাপদ পুনর্জাগরণ: গবেষণা থেকে জীবন্ত সাধনসংগীত

ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সাল থেকে সাপ্তাহিক ভাবনগর সাধুসঙ্গের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সাধকশিল্পীদের মধ্যে চর্যাপদের গান পুনর্জাগরণের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। প্রাচীন চর্যাপদের বাণীর পাঠ, ব্যাখ্যা ও গবেষণার পাশাপাশি স্থানীয় সাধকশিল্পীদের নিজস্ব সুরারোপ, সংগীত-প্রশিক্ষণ ও পরিবেশনার মাধ্যমে চর্যাপদকে জীবন্ত সাধনসংগীত হিসেবে পুনঃপ্রতিষ্ঠার প্রয়াস চলছে।


এ কার্যক্রমে গবেষক ও নাট্যকার ড. সাইমন জাকারিয়ার গবেষণা, পাঠ ও ব্যাখ্যার পাশাপাশি শাহ আলম দেওয়ান, সাধিকা সৃজিনী তানিয়া, বাউল অন্তর সরকার, শিলা মল্লিকসহ বিভিন্ন অঞ্চলের সাধকশিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে ঐতিহাসিক সোমপুর মহাবিহার তথা পাহাড়পুর বৌদ্ধবিহার অঞ্চলে স্থানীয় সাধকশিল্পীদের চর্যাপদচর্চার একটি ক্ষেত্র গড়ে উঠেছে।


ভাবনগর ফাউন্ডেশনের এই চর্যাপদ পুনর্জাগরণ কার্যক্রম ইতোমধ্যে বাংলাদেশ ছাড়িয়ে ভারত, নেপাল, জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে গবেষণা, প্রশিক্ষণ ও সংগীত পরিবেশনার মাধ্যমে পরিচিতি লাভ করেছে।


উল্লেখ্য, ভাবনগর ফাউন্ডেশন ২০২৪ সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষাবিষয়ক ২০০৩ সালের কনভেনশনের অধীনে স্বীকৃত বেসরকারি সংস্থার মর্যাদা লাভ করে (NGO-90526)। ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের ৮–১০ মে প্রথম এবং ২০২৫ সালের ৯–১১ জুলাই দ্বিতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় ১৪–১৫ নভেম্বর ২০২৬ আয়োজন করা হয়েছে তৃতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব।


দ্বিতীয় দিনের অনুষ্ঠানসূচি: ১৫ নভেম্বর ২০২৬, রবিবার

দুই দিনব্যাপী চর্যাপদ পুনর্জাগরণ উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, বেলা ৩টায়, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির ফটকের বিপরীতে ভাবনগর সাধুসঙ্গের নিয়মিত স্থানে।


দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে—


১. চর্যাসংগীত প্রশিক্ষণ কর্মশালা: বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাধকশিল্পীদের অংশগ্রহণে চর্যাপদের বাণী, সুর ও পরিবেশনরীতি নিয়ে প্রশিক্ষণ। প্রশিক্ষণ প্রদান করবেন শাহ আলম দেওয়ান এবং সাধিকা সৃজনী তানিয়া।


২. ভাবনগর সাধুসঙ্গ: বাউল-ফকির, সাধকশিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে চর্যাপদের গানসহ বাংলার সাধনসংগীতের আসর।


৩. চর্যাসংগীত শোভাযাত্রা: প্রাচীন বাংলার চর্যাপদের গানকে জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাধকশিল্পীদের অংশগ্রহণে সংগীতময় শোভাযাত্রা।


উৎসবের দুই দিনের চর্যাসংগীত পরিবেশনায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন বরিশালের শাহ আলম দেওয়ান, চুয়াডাঙ্গার সাধিকা সৃজিনী তানিয়া, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, শরীয়তপুরের শিলা মল্লিক, পঞ্চগড়ের রবিউল হক, পটুয়াখালীর বাউল আনিস মুন্সী, জামালপুরের হেলাল উদ্দীন, ঝিনাইদহের ফতেহ কালাম ও জ্ঞানহীন নাইম, কিশোরগঞ্জের অন্ধ আল আমিন সরকার পিপাসী, জিল্লুর সরকার, জাকির চিশতি, উজ্জ্বল ফকির ও সিদ্দিক ফকির, সুনামগঞ্জের নজরুল ইসলাম রানা, পাবনার ফকির আবুল হাশেম, জামালপুরের এরশাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার হাসান মিয়া, মুন্সীগঞ্জের মিনা পাগলী, শরীয়তপুরের হালিমা খাতুন, নোয়াখালীর আবু বকর সিদ্দিক, সিরাজগঞ্জের ফারুক নূরী, ময়মনসিংহের ফাহিম আহমেদ এবং ঢাকার ইশরাত জাহান তৃষা।


ভাবনগর ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্বিতীয় দিনের চর্যাপদ পুনর্জাগরণ উৎসব, প্রশিক্ষণ কর্মশালা, সাধুসঙ্গ ও চর্যাসংগীত শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য গবেষক, শিল্পী, শিক্ষার্থী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

;