স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফলে মঙ্গলবার, ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম ফাইনালে উঠল পাকিস্তান।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বাংলাদেশ প্রায় ৬৪ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণভাগে সেই নিয়ন্ত্রণকে স্পষ্ট সুযোগে রূপ দিতে বারবার ব্যর্থ হয়। অন্যদিকে পাকিস্তান পাল্টা আক্রমণ ও শারীরিক ফুটবল দিয়ে বাংলাদেশকে চাপে রাখে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই শামিত সোমের ভুলে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নেন। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সেভ করেন। পাঁচ মিনিট পর কাজেম শাহ শট নেন। পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ বাট সেভ করেন। ২৩ মিনিটে বাংলাদেশ লিড পেতে পারত। বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। আগের ম্যাচে ওয়ান্ডার গোল করা ফারহান আলী ওয়াহিদ কর্নার নেন। শামিত হয়ে রাকিব হোসেন বল পান। রাকিবের নেওয়া শট পোস্টে লেগে ফেরত আসে।
দুই মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়া ভুল করেন। পাকিস্তানি ফরোয়ার্ড উজাইরের শট শ্রাবণ সেভ করেন। ৩২ মিনিটে পাকিস্তান দুর্ভাগ্যের শিকার হয়। তারিক কাজী মার্কিং ঠিকমতো করতে পারেননি। পাকিস্তানি ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদের শট পোস্টে লেগে ফেরত আসে। ৪১ মিনিটে সুকি ইতোফুসার বাম পায়ের শট ওপর দিয়ে যায়। ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে লড়াই হয়েছে সমানে সমান। একসময় মনে হচ্ছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে যাচ্ছে। তবে নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতে গোল হজম করে বাংলাদেশ। গোলকিপার শ্রাবণের ভুলে বল পেয়ে যান পাকিস্তানের আব্দুল সামাদ। দারুণ দক্ষতায় বক্সের সামনে থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। ৮৫ মিনিটে করা এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
এরপর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। চার মিনিটের ইনজুরি সময়ও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের শেষ দিকে গ্যালারি থেকে মাঠে ফ্লেয়ার ছোড়া হয়, এতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ম্যাচ শেষে কান্না করতে দেখা যায় একাধিক বাংলাদেশি ফুটবলারকে।
এই হারের মধ্য দিয়ে ২১ বছর পর সাফ ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। বাংলাদেশ সবশেষ সাফ ফাইনালে খেলেছিল ২০০৫ সালে, সেবার সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে উঠেছিল লাল-সবুজের দল। এবার ঘরের মাঠে সেই পাকিস্তানের কাছেই হেরে বিদায় নিতে হলো।
প্রথম সেমিফাইনালে ভারতের হয়ে গোল করেন পি ভি বিষ্ণু ও চিংলেনসানা সিং কনশাম। ভুটানের হয়ে এক গোল শোধ করেন কিনজাং তাশি তোবদেন। ফাইনালে রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে নামবে ভারত, আর প্রথম শিরোপার স্বপ্ন নিয়ে নামবে পাকিস্তান।
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের জোড় ...
স্টাফ রিপোর্টার: রেকর্ড দামে দল পেয়েও গত মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হয়নি মোস্তাফিজুর রহমান ের। এবার সেই অধ্যায় পেছনে ফেলে আবারও ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ফেরার পথে হাঁটলেন বাংল ...
স্টাফ রিপোর্টার: ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তিন পয়েন্ট মিললেও সেই পারফরম্যান্সে দাপটের ছাপ ছিল না, ছিল কিছু অপূর্ণতা। শ্রীলঙ্কার বিপক্ষে সেসবের জবাব যেন এক ম্যাচেই দি ...
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
সব মন্তব্য
No Comments