সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৮৬ রান। ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে এতে ৩০ রানের গুরুত্বপূর্ণ লিড পায় স্বাগতিকরা। অথচ একসময় বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। জবাবে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়।
৩৫৯ বল মোকাবিলা করে ২২টি চার ও ১১টি ছক্কায় ২৪২ রানে অপরাজিত থাকেন হৃদয়। বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম সেরা হিসেবে বিবেচিত হবে তাঁর এই ইনিংস। দলের মোট ৩৮৬ রানের মধ্যে তাঁর একার অবদান ২৪২ রান, যা ৬২ দশমিক ৬৯ শতাংশ। টেস্টে এক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটারের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত অবদান।
টেস্টে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হলেন হৃদয়। এর আগে এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুশফিকের আগের সর্বোচ্চ ২১৯ রানের রেকর্ড ছাড়িয়ে এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়েছেন হৃদয়। একই সঙ্গে এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ইনিংস এবং সিলেট ভেন্যুতে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে সিলেটে সর্বোচ্চ ছিল মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান।
২৫ বছর বয়সী হৃদয় নিজের তৃতীয় টেস্টে প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করা প্রথম বাংলাদেশি ব্যাটার হওয়ার কীর্তিও গড়েছেন। যে পরিস্থিতিতে তিনি ক্রিজে এসেছিলেন, তাতে হৃদয়ের ইনিংসটি আরও বেশি প্রশংসার দাবিদার। বাংলাদেশ ২ উইকেটে ২২ রান নিয়ে ধুঁকছিল। সেখান থেকে ইনিংস সামলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন তিনি।
তৃতীয় দিনের সকালে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে খেলতে নামেন হৃদয় ও মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করছিলেন তাঁরা। তবে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান ৭৩ রানের জুটি ভেঙে মুশফিককে ৩৪ রানে সাজঘরে পাঠান। এরপর ওয়ারিকান ও অধিনায়ক রোস্টন চেজের বোলিংয়ে বাংলাদেশের মিডল অর্ডারে ধস নামে। দ্রুত তিন উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৪ রান।
ওয়েস্ট ইন্ডিজ যখন প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পথে, তখন তাইজুল ইসলামকে পাশে পান হৃদয়। অষ্টম উইকেটে দুজন মিলে ১১৭ রান যোগ করে বাংলাদেশকে আবার লড়াইয়ে ফেরান এবং দলীয় সংগ্রহ ৩০০ পার করেন। মধ্যাহ্ন বিরতির আগে শেষ ওভারে চেজের বলে এক রান নিয়ে ১৭১ বলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়।
তিন অঙ্কে পৌঁছানোর পর ব্যাটিংয়ের গতি পুরোপুরি বদলে ফেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হন। ১১টি ছক্কার মধ্যে ১০টিই এসেছে সেঞ্চুরি করার পর। সেঞ্চুরির পর ১০টি ছক্কা হাঁকিয়ে টেস্ট ইনিংসে বাংলাদেশি ব্যাটার হিসেবে নতুন রেকর্ড গড়েন হৃদয়। সব মিলিয়ে ১১টি ছক্কা মেরে টেস্ট ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নেন তিনি।
১০৪ রানে ৪ উইকেট নেওয়া ওয়ারিকান শেষ পর্যন্ত ২২ রানে তাইজুলের প্রতিরোধ ভাঙেন। তবে তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে আক্রমণ অব্যাহত রাখেন হৃদয়। নবম উইকেটে দুজন যোগ করেন ৮৫ রান। এতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহ ছাড়িয়ে যায় বাংলাদেশ এবং গুরুত্বপূর্ণ লিড পায় স্বাগতিকরা।
৩০৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। ওয়ারিকানের বলে লং-অফের দিকে ঠেলে দিয়ে এক রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। হৃদয়ের অপরাজিত ২৪২ রানই ছিল বাংলাদেশের ইনিংসের মূল ভিত্তি। শেষ পর্যন্ত জেইডেন সিলস তাসকিনকে ১২ রানে আউট করলে ৩৮৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় দিন গোড়ালিতে চোট পাওয়ায় ব্যাট করতে পারেননি ওপেনার সাদমান ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই দুটি রিভিউ নষ্ট করে বাংলাদেশ। এরপর ব্র্যান্ডন কিং ও জশুয়া ডা সিলভা বাকি ওভারগুলো নির্বিঘ্নে কাটিয়ে দেন। দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে সফরকারীরা।
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
স্টাফ রিপোর্টার: ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়। উত্তেজনার মুহূর্তে মুখের ওপর হাত রেখে কথা বলতেও দেখা যায় ফুটবলারদের। কিন্তু সেই অভ্যাসই এবার বিপদ ডেকে আনল নেইমারের জন্য। প্রত ...
সব মন্তব্য
No Comments