৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস

সিপাহী জনতার অভ্যুত্থানের মহানায়ক কর্নেল তাহের: জাসদ

প্রকাশ : 07 Nov 2026
সিপাহী জনতার অভ্যুত্থানের মহানায়ক কর্নেল তাহের: জাসদ

স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মীর হোসাইন আকতারে সভাপতিত্বে এবং জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধক্ষ্য মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ ঢাকামহানগর পশ্চিমের সহ-সভাপতি এড. আবু হানিফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, যুব জোটের সহ-সভাপতি শুভংকর দে বাপ্পা, শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভেজ আক্তার শিল্পী, বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) সহ-সভাপতি গোলাম কিবরিয় প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান ছিল ক্ষমতালোভী উশৃংখল  অফিসারদের বিশৃঙ্খলা থামাতে এবং ঔপনিবেশিক আমলের বৈষম্যমূলক নিপীড়নমূলক রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের লক্ষ্যে সাধারণ সিপাহীদের একটি সুশৃঙ্খল বিপ্লবী প্রচেষ্ঠা। মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, জাসদ নেতা, মহান বিপ্লবী শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম ও বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সিপাহী-জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। জাতির সেই ক্রান্তিকালে জাসদ বিপ্লবী বলিষ্ঠতা নিয়ে বিদ্রোহী সিপাহীদের পাশে দাঁড়িয়েছিল। জাসদের বলিষ্ঠ ও ঐতিহাসিক ভূমিকার কারণে সে দিন ক্ষমতালোভী অফিসারদের ক্ষমতার জন্য উন্মত্ততা-বিশৃঙ্খলা-কামড়াকামড়ি-খুনাখুনি-রক্তারক্তি বন্ধ হয়েছিল। জিয়াউর রহমান সহ অসংখ্য অফিসার ও সৈনিকদের জীবন রক্ষা পেয়েছিল। বক্তারা বলেন, এটা সকলেই জানেন সিপাহীদের ১২দফা দাবির সাথে, সিপাহী-জনতার অভ্যুত্থানের সাথে কারা বিশ্বাসঘাতকতা ঔপনিবেশিক আমলের রাষ্ট্রকাঠামো বহাল রেখে ছিলো এবং সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক কর্নেল আবু তাহের বীরউত্তমকে অবৈধ ও বেআইনি সামরিক ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় প্রহসণমূলক বিচারে ফরমায়েশি রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলো। জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান, তৎকালীন সভাপতি মেজর এম এ জলিল, সাধারণ সম্পাদক আ স ম আবদুর রব, জাসদ নেতা হাসানুল হক ইনু, রবিউল আলম, মেজর জিয়াউদ্দিন, সার্জেন্ট ইউসুফ, কর্নেল তাহেরসহ জাসদ নেতা এবং বিপ্লবী সৈনিক সংস্থার নেতাদের দীর্ঘমেয়াদি সাজা প্রদান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেইমানি ও বিশ্বাসঘাতকতার একটি কালো অধ্যায় হিসাবে স্থান পেয়েছে। বক্তারা বলেন, শহীদ কর্নেল তাহেরের শিক্ষা বিপ্লবের দীক্ষা। সিপাহী-জনতার অভ্যুত্থান বিপ্লবী রাজনীতির অনুপ্রেরণা হিসাবে যুগ যুগ ধরে বেঁচে আছে।

দিবনটি উপলক্ষ্যে জাসদের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটি আলোচনা সভা, শহীদ কর্ণের তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।


​

সম্পর্কিত খবর

;