আমির হামজা বাড়িতে নেই, মোবাইলও বন্ধ: রাশেদ খাঁন

প্রকাশ : 07 Nov 2026
আমির হামজা বাড়িতে নেই, মোবাইলও বন্ধ: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা বাড়িতে নেই এবং তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।


পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছেন না। শুরুতে তিনি কারো কল রিসিভ করছিলেন না। এখন তিনি নাম্বার বন্ধ করে রেখেছেন। এরপর সাংবাদিকরা তার বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে, সেখান থেকে জানানো হয়েছে আমির হামজা বাড়িতে নাই!’


একই পোস্টে রাশেদ খাঁন আরও লেখেন, কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না। তিনিও স্থানীয় সাংবাদিকদের ফোন ধরছেন না বলে জানতে পেরেছেন। জামায়াতের নীরবতার সমালোচনা করে রাশেদ খাঁন লেখেন, ‘সব মিলিয়ে গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত গুম হয়ে গেছে!’


প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি তোলেন। ওই পোস্টে তিনি দাবি করেন, তিনি সেগুলো ফ্যাক্ট-চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন এবং কথোপকথনের একটি অংশও প্রকাশ করেন। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগে থেকেই জানতেন বলেও দাবি করেন তিনি।


তবে রাশেদ খাঁনের এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত স্বতন্ত্র ও নিরপেক্ষভাবে যাচাই করা কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। অভিযোগের বিষয়ে আমির হামজা কিংবা জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সাংবাদিকরাও এ বিষয়ে সংসদ সদস্য কিংবা জেলা জামায়াত নেতৃত্বের কারও সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।


উল্লেখ্য, আমির হামজা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে করা একটি মামলায় গত এপ্রিলে সিরাজগঞ্জের একটি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ওই সময়ও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ ছিল।


সম্পর্কিত খবর

;