স্টাফ রিপোর্টার: ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তিন পয়েন্ট মিললেও সেই পারফরম্যান্সে দাপটের ছাপ ছিল না, ছিল কিছু অপূর্ণতা। শ্রীলঙ্কার বিপক্ষে সেসবের জবাব যেন এক ম্যাচেই দিয়ে দিলেন হামজা চৌধুরীরা।
হামজা ও ফারহান আলী ওয়াহিদ যোগ দেওয়ায় বদলে যাওয়া বাংলাদেশ মাঠে নামল অন্য এক রূপে। বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠল স্বাগতিকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন আনেন কোচ টমাস ডুলি। ভুটানের বিপক্ষে খেলতে না পারা হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে শুরু থেকেই মাঠে রাখেন তিনি। চোটের কারণে ছিটকে যাওয়া বিশ্বনাথ ঘোষের পরিবর্তে একাদশে জায়গা পান মোহাম্মদ ইব্রাহিম। এ ম্যাচেই প্রথমবার জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন হামজা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ৮ম মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। হামজার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে ভুল করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল এক ডিফেন্ডারের গায়ে লেগে শমিত সোমের সামনে চলে আসে। প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে জাল খুঁজে নিতে ভুল করেননি এই মিডফিল্ডার।
এগিয়ে যাওয়ার পরও আক্রমণের গতি কমায়নি বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে রাকিব হোসেনের ধারাবাহিক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে শ্রীলঙ্কার রক্ষণভাগ। ২৬ মিনিটে রাকিবের পাস পেয়ে ব্যাকহিলে গোলের চেষ্টা করেন হামজা। কিন্তু এবার সফল হননি তিনি। প্রথমার্ধে শ্রীলঙ্কাও পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করে। ৩৮ মিনিটে ডান দিক থেকে বিপজ্জনক ক্রস পাঠালেও বলের নাগাল পাননি কোনো লঙ্কান ফুটবলার। ফলে বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণকে বড় কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি।
বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা। ৪৩ মিনিটে ইব্রাহিমের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে গতি বাড়িয়ে এগিয়ে যান তিনি। পথে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে নেওয়া জোরালো শট গোলরক্ষক সুজন পেরেরার শরীরে লেগে দিক পরিবর্তন করে জালে ঢোকে। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল পেলেন হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তার পঞ্চম গোল, যার সব কটিই এসেছে জাতীয় স্টেডিয়ামে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ৫৩ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের অন্যতম সেরা গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ। বক্সের বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান ইংল্যান্ডপ্রবাসী এই ফুটবলার। দুর্দান্ত নিয়ন্ত্রণে একে একে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।
তিন গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার কঠিন চ্যালেঞ্জে পড়ে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তবে ৭৬ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে হয় সাদ উদ্দিনকে। গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে যান তিনি।
ম্যাচের শেষ দিকে নিজের নামও স্কোরশিটে তোলেন রাকিব হোসেন। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ তৈরি করলেও গোল বা অ্যাসিস্টের দেখা পাচ্ছিলেন না তিনি। এবার নিজেই বল নিয়ে এগিয়ে গিয়ে এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন। সামনে গোলরক্ষককে পেয়ে ঠান্ডা মাথায় তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।
এর আগে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে টমাস ডুলির দল। দুই ম্যাচে বাংলাদেশের গোল ৫টি, হজম শূন্য। গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে ভুটান, বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।
আগামী ১৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments