স্টাফ রিপোর্টার: জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতি করতে পারবেন না। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলে তার দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। তিনি দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেবেন বলেও হুমকি দিচ্ছেন। তবে এমন সুযোগ আর তৈরি হবে না বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।
দেশে ধীরে ধীরে মবের অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। এই ১৬টি ঘটনাও যাতে আর না ঘটে, সে জন্য সরকার চূড়ান্ত ব্যবস্থা নেবে। তিনি দাবি করেন, বিভিন্ন অপরাধের পরিসংখ্যানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং তাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। এ প্রসঙ্গে ২০০৪ সালের ৪ জুনের একটি ঘটনার উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বর্ণনা অনুযায়ী, সেদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের ডাকা একটি কর্মসূচির সময় শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার সুযোগ পাননি।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাসের ভেতরে থাকা যাত্রীরা আগুনে পুড়ে মারা যান। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজও বাধাগ্রস্ত হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলে অন্তত ৯ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আরও দুজন মারা যান। সব মিলিয়ে ওই ঘটনায় ১১ জন নিহত হন বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মানবাধিকার মেনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে প্রথম ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছেন। তিনি বলেন, আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না। তবে প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হতাহতের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার পূরণের অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল এখন থেকে জেলায় জেলায় তদন্ত শুরু করবে।
অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় খুনের ঘটনা কমেছে ২৮৭টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় ১২৫টি কমেছে। চুরি, ডাকাতি ও দস্যুতার মতো অপরাধও উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার: কমরেড আ.ফ.ম. মাহবুবুল হকের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিম ...
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
সব মন্তব্য
No Comments