স্টাফ রিপোর্টার: দুটি ওষুধ মান-বহির্ভূত প্রমাণিত হওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, এতে বাজারে মানহীন ওষুধ সরবরাহ অব্যাহত থাকার সুযোগ তৈরি হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করতে পারে।
অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত চলতি বছরের এপ্রিল মাসে। জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার (এনডিসিএল), মহাখালী, ঢাকা কর্তৃক মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত দুটি বহুল ব্যবহৃত ওষুধ— ম্যাক্সকোরাল-ডিএক্স ট্যাবলেট এবং ম্যাক্সকোরাল-ডি ট্যাবলেটের নমুনা পরীক্ষা করা হয়।
গত ৬ এপ্রিল প্রকাশিত পরীক্ষাগারের প্রতিবেদনে উভয় ওষুধের নির্দিষ্ট ব্যাচকে নির্ধারিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং মান-বহির্ভূত হিসেবে চিহ্নিত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্সকোরাল-ডিএক্স ট্যাবলেটের (ব্যাচ নং- 5K17274) ঘোষিত ভিটামিন-ডি৩ প্রতি ট্যাবলেটে ৪০০ আইইউ থাকার কথা থাকলেও পরীক্ষায় পাওয়া গেছে ২৭৩.৮১ আইইউ। একইভাবে ম্যাক্সকোরাল-ডি ট্যাবলেটের (ব্যাচ নং- 5K12276) ঘোষিত ভিটামিন-ডি৩ ২০০ আইইউ-এর বিপরীতে পাওয়া যায় ১৩৫.৫২ আইইউ। ড্রাগ অ্যানালিস্ট তার প্রতিবেদনে উল্লেখ করেন, পরীক্ষিত নমুনাগুলো নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী নয়।
এই প্রতিবেদনের পর ঔষধ প্রশাসন অধিদপ্তর ওই ওষুধ দুটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে এবং উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেয় বলে জানা গেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মান-বহির্ভূত ওষুধের বিষয়ে ঔষধ আদালতে মামলা দায়েরের উদ্যোগ নিতেও নির্দেশ দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে অভিযোগকারীদের দাবি, এরপর মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে গতি আসেনি। অভিযোগে বলা হয়েছে, ফাইল আটকে থাকার সুযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বাজারে ওষুধ সরবরাহ অব্যাহত রেখেছে। এই অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগে আরও বলা হয়েছে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেনের দায়িত্বকালীন সময়ে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারীরা এ ক্ষেত্রে যোগসাজশ ও অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে মহাপরিচালকের পিএ মো. শহিদুল ইসলাম খানকে ঘিরেও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কিছু আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এ বিষয়েও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
জনস্বাস্থ্য ও সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার এমন অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি অভিযোগের আবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে। আবেদনে দাপ্তরিক নথি সংগ্রহ, মামলা না হওয়ার কারণ অনুসন্ধান, অবৈধ আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
গত ২ নভেম্বর এ বিষয়ে দেশের বেশকিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
ডেস্ক রিপোর্ট: উপহারের মোড়কে ঘুষ লেনদেনের মত অপরাধকে বৈধতা দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ব ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বিমান ...
স্টাফ রিপোর্টার: প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বাস লেন তুলে দিয়ে সড়কটিকে হাইওয়েতে রূপান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, দেশের সামগ্রিক পরিবর্তন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের সক্রিয় রাজনীতিতে অং ...
সব মন্তব্য
No Comments