ঢাকা-গাজীপুর বিআরটি বাস্তবায়নের দাবি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

প্রকাশ : 11 Nov 2026
ঢাকা-গাজীপুর বিআরটি বাস্তবায়নের দাবি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান


স্টাফ রিপোর্টার: প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর ঢাকা-গাজীপুর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বাস লেন তুলে দিয়ে সড়কটিকে হাইওয়েতে রূপান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, প্রকল্পে অনিয়ম বা কারিগরি ত্রুটি থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিআরটি চালু করা উচিত। প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণে বিশেষজ্ঞ, পেশাজীবী ও সাধারণ মানুষের মতামত নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি) এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দিন হাসানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম।

মূল বক্তব্যে ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-গাজীপুর বিআরটি করিডোরের নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে ৩+৩ লেনের হাইওয়েতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বিআরটির বাস না কিনে এবং সেবা চালু না করেই এমন সিদ্ধান্ত নেওয়া প্রশ্নবিদ্ধ। প্রকল্প বাস্তবায়নে আর্থিক বা পরিচালনগত সমস্যা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এর দায় নিতে হবে। প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সংশ্লিষ্ট সব নথিপত্র, পরামর্শক ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের তালিকা, দায়িত্ব ও ভূমিকা সংরক্ষণ করতে হবে। পাশাপাশি স্বার্থের সংঘাত নেই, এমন বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিশন গঠন করে তদন্তের ফলাফল প্রকাশ করতে হবে।

বিআইপি সভাপতি জানান, ঢাকা-গাজীপুর বিআরটি করিডোর ২০০৫ সালের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান (এসটিপি), ২০১৫ সালের রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান (আরএসটিপি), ২০২৫ সালের হালনাগাদ পরিকল্পনা এবং গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত রয়েছে। তাই সামগ্রিক পরিবহন পরিকল্পনার আলোকে প্রকল্পটির ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। তিনি বিমানবন্দর-গাজীপুর করিডোরকে ‘আরবান আর্টারি’ ঘোষণা করে সেখানে বিআরটি লেন বহাল রাখার পাশাপাশি দেশের প্রথম বিআরটি করিডোর বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে ঢাকা শহরসহ দেশের অন্যান্য স্থানেও বিআরটি চালুর উদ্যোগ নেওয়া এবং ‘ঢাকা বিআরটি পিএলসি’ বন্ধ না করে প্রয়োজনীয় জনবল ও কারিগরি নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করার আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, মন্ত্রীসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সব অংশীজনের মতামত নিয়ে আর্থিক ও পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ, প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সব নথি সংরক্ষণ এবং স্বার্থের সংঘাতমুক্ত বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিশন গঠন করে প্রতিবেদন প্রকাশ।  বিমানবন্দর-গাজীপুর করিডোরকে আরবান আর্টারি ঘোষণা, ঢাকা ও দেশের অন্যান্য স্থানে বিআরটি চালু, ঢাকা বিআরটি পিএলসিকে পুনর্গঠন করে দেশব্যাপী বিআরটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া এবং প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিকে নিয়োগের দাবি জানানো হয়। একই সঙ্গে পরিবহন উন্নয়ন প্রকল্পনির্ভর না করে পরিকল্পনানির্ভর করা এবং দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি। বিআরটি প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে তা দূর করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা উচিত। দুর্নীতির সমাধান না করে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়। তিনি প্রকল্পের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে শ্বেতপত্র প্রকাশ এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, বিআরটি প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি। অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর তা বাতিলের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, তা জনগণকে জানাতে হবে। দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুর রশিদ বলেন, বিআরটি প্রকল্প পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। প্রকল্পে কোনো ত্রুটি থাকলে প্রয়োজনীয় কারিগরি সংশোধনের মাধ্যমে তা সমাধান করা উচিত। সম্পূর্ণ প্রকল্প বাতিল করা বড় ধরনের ভুল হবে। যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে বিআরটিকে দৃষ্টান্তমূলক প্রকল্পের পাশাপাশি অনন্য স্থাপত্য নিদর্শন হিসেবেও গড়ে তোলা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী ড. মাহবুবুল বারী বলেন, আর্থিক, কারিগরি ও অন্যান্য বিবেচনায় বিআরটি প্রকল্পটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময়। এটি শুধু তার ব্যক্তিগত মতামত নয়; বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষাতেও প্রকল্পটির সম্ভাব্যতা উঠে এসেছে। এ করিডোরে বিপুলসংখ্যক বাসযাত্রী চলাচল করেন। বিআরটি চালু হলে পরিবেশ ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়বে।

সরকার বাস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যবস্থার সফল বাস্তবায়নে নিরবচ্ছিন্ন গণপরিবহন জরুরি। বিআরটির সঙ্গে ছয়টি বাস রুট সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। ফলে প্রকল্পটি বাতিল হলে এসব রুটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দেবে। প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দিন হাসান বলেন, গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে এককভাবে আলোচনা করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বিতভাবে আলোচনারও পরিকল্পনা রয়েছে। গত জুনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছায়নি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, সাবেক প্রিন্সিপাল ও গাজীপুরের বাসিন্দা কফিল উদ্দিন প্রমূখ।


সম্পর্কিত খবর

;