আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশ এমন জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে, যা হবে পূর্বানুমেয়, অনুদাননির্ভর এবং বৈশ্বিক দক্ষিণের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়নে অনুষ্ঠিত এক পার্শ্ব অনুষ্ঠানে এই দাবি তুলে ধরা হয়। অধিবেশনটির আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অংশীদারেরা।
অধিবেশনে বক্তারা উল্লেখ করেন, কপ২৯-এ গৃহীত নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্যমাত্রা (এনসিকিউজি) অনুযায়ী উন্নত দেশগুলোর কাছ থেকে ২০৩৫ সালের মধ্যে বছরে সর্বনিম্ন ৩০ হাজার কোটি মার্কিন ডলার আসার কথা, যা ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বৃহত্তর সংগ্রহ-লক্ষ্যের অংশ। কিন্তু এই প্রতিশ্রুতি এখনো স্পষ্ট রোডম্যাপ, স্বচ্ছ হিসাব এবং বাস্তব বিতরণে রূপ নেয়নি। ফলে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো পরিকল্পনা নিয়ে এগোতে পারছে না বলে অধিবেশনে মত দেওয়া হয়।
বক্তারা বলেন, জলবায়ু অর্থায়ন ঋণনির্ভর হলে তা ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়িয়ে দেয়। অনুদানকে ঋণ বা ব্যক্তি খাতের বিনিয়োগ দিয়ে প্রতিস্থাপন করা যাবে না। প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর সরকারি অর্থায়নের বাধ্যবাধকতা পূরণ করতে হবে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, কপ৩১-এর আরেকটি পার্শ্ব অনুষ্ঠানেও বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের নেতারা একই দাবি তুলেছেন। তারা বলেছেন, জলবায়ু অর্থায়নকে অবশ্যই ঋণের বোঝা বাড়ানো যাবে না এবং দূষণকারীদের ন্যায্য করের মাধ্যমে সরকারি অর্থায়ন বাড়াতে হবে।
বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তারা বলেন, অভিযোজন খাতে অর্থায়ন সবচেয়ে বেশি প্রয়োজন, কিন্তু সেখানে অর্থের প্রবাহ সবচেয়ে কম। অভিযোজনের বৈশ্বিক লক্ষ্য শুধু সূচক নির্ধারণ ও রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। অর্থ, প্রযুক্তি ও বাস্তবায়ন সক্ষমতা নিশ্চিত করতে হবে, যাতে অর্থ সরাসরি স্থানীয় জনগোষ্ঠীর কাছে পৌঁছায়। একই সঙ্গে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত তহবিলে নতুন ও অতিরিক্ত অর্থায়ন বাড়ানো, আবেদন প্রক্রিয়া সহজ করা, দ্রুত অর্থ ছাড় এবং ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর সরাসরি সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নীতি সংলাপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বাংলাদেশের পানীয় জল, খাদ্য নিরাপত্তা, আবাসন ও অবকাঠামোর জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে আন্তর্জাতিক আলোচনায় ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানান। ওই সংলাপে উপস্থাপিত গবেষণায় উল্লেখ করা হয়, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ পানি সরবরাহ খাতে জলবায়ু অর্থায়নে প্রতি ১ ডলার অনুদানের বিপরীতে ৭ দশমিক ৭৮ ডলার ঋণ পেয়েছে।
কপ৩১ সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ নভেম্বর ঢাকা থেকে রওনা হয়ে ১১ ও ১২ নভেম্বরের বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। ১২ নভেম্বর প্লেনারি অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
আয়োজকদের মতে, বাংলাদেশ জুট প্যাভিলিয়নে পাটের টেকসই বিকল্প, অভিযোজন উদ্যোগ, এনডিসি ৩.০ এবং স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে। অধিবেশনে অংশগ্রহণকারীরা বলেন, কপ৩১-কে শুধু প্রতিশ্রুতির সম্মেলন নয়, বাস্তবায়নের সম্মেলন হতে হবে। প্রতিশ্রুত অর্থ যাতে সময়মতো, স্বচ্ছভাবে এবং ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়, সেজন্য স্পষ্ট রোডম্যাপ ও জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় এক ...
স্টাফ রিপোর্টার: আজ বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদের বৈঠক বসছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও ...
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
সব মন্তব্য
No Comments