বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়ে রাত পৌনে ৮টায় শেষ হয়। অর্থাৎ প্রায় আধা ঘণ্টা ধরে দুই নেতার মধ্যে এ বৈঠক চলে। এতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় এসেছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে এটি তারেক রহমানের দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের তুর্কি হাউসে দুই নেতার প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে এরদোয়ান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করানোর আহ্বান জানিয়েছিলেন। প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দিয়েছিলেন।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের জুনের শুরুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করেন। ওই সফরে দুই দেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম পদক্ষেপ হিসেবে সফরটিকে দেখা হয়। সফরের পর প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ে মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়েও সম্মত হয় দুই পক্ষ।
গত জুলাইয়ে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও তুরস্ক সফর করেন। পাঁচ দিনের ওই সরকারি সফরে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
রোহিঙ্গা ইস্যুও বাংলাদেশ-তুরস্ক আলোচনায় রয়েছে। নিউইয়র্কের বৈঠকে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন এরদোয়ান। আশ্রয়, শিক্ষা ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে কপ৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের সরকারি সফরে আজ স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর তিনি আন্তালিয়ায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আন্তালিয়া বিমানবন্দরে তাকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী সেরদার চাম। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মোটর শোভাযাত্রায় তাকে বেলেকের প্যাপিলন আয়শা রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সম্মেলন চলাকালে তিনি সেখানেই থাকবেন।
১০ থেকে ১২ নভেম্বরের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আন্তালিয়ায় ১১ ও ১২ নভেম্বর কপ৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বাংলাদেশের বক্তব্য দেবেন। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এবারের সম্মেলনে বাংলাদেশ জলবায়ু সহনশীলতায় নিজেদের অর্জন তুলে ধরবে। সম্মেলনের গ্রিন জোনে পাটের প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশগত সুবিধা এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরা হবে। পাট ও পাটজাত পণ্য প্রচারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়েও আলোচনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ব্লু জোনে দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে। এর একটিতে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে নারীদের বিশেষ ঝুঁকির বিষয়টি তুলে ধরা হবে। অন্যটিতে সিনথেটিক পলিমারের বিকল্প হিসেবে বায়োডিগ্রেডেবল, শূন্য-বর্জ্য পাটজাত পণ্য প্রচারের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ২১ সদস্যের প্রতিনিধিদলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আউয়াল, প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু রয়েছেন।
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
সব মন্তব্য
No Comments