আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া; অর্ধশতাধিক কারখানায় ছুটি

প্রকাশ : 10 Nov 2026
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া; অর্ধশতাধিক কারখানায় ছুটি

স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। 


অন্যদিকে জামগড়া এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পুলিশ প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 


পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে পুলিশ জানিয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে রাবার বুলেট নিক্ষেপের অভিযোগ করা হলেও পুলিশ তা অস্বীকার করেছে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা এনভয় ও স্টারলিং পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ব্যবহার করে, তবে কোনো রাবার বুলেট নিক্ষেপ করা হয়নি। 


সংঘর্ষে আহত হয়েছেন আশুলিয়ার স্টারলিং স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। এ ছাড়াও সংঘর্ষে ৩ জন পুলিশ সদস্যসহ আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দুই শ্রমিক রাবার বুলেটের আঘাত নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তবে সংঘর্ষের সময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, রাফিয়া বেগম মাথায় আঘাত পাওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। 


বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু কারখানা বন্ধ থাকায় বিক্ষোভ করলে পুলিশ বাধা দেয়। পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে তাদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলেও জানান তিনি। 


বিক্ষোভের কারণে শিল্পাঞ্চলের অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। চ্যানেল আই অনলাইনের তথ্য অনুযায়ী, ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে এনভয় গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস লিমিটেড, সিএসএল নিট কম্পোজিট, স্টারলিং অ্যাপারেলস, এএম ডিজাইন লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, নেক্সট কালেকশন, ভার্চুয়াল বটমস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, স্টারলিং স্টাইলস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, সিনসিন অ্যাপারেলস লিমিটেড, সাদ ফ্যাশন লিমিটেড ও রেজা ফ্যাশন লিমিটেড। দুপুর ১টার পর হা-মীম গ্রুপের কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়। 


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়ার পোশাকশিল্প এলাকা। মঙ্গলবার সকালে কারখানায় হাজিরা দিয়েই বিক্ষোভে নামেন শ্রমিকরা। মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে পোশাকশ্রমিকদের অসন্তোষ চলছে। তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ। 


মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বৈঠক শুরুর আগে পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মূল মজুরি মোট মজুরির ৬০ শতাংশ, বাড়ি ভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে তারা। 


বর্তমানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান শিল্প পুলিশের কর্মকর্তারা। 


সম্পর্কিত খবর

;