স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য তুলে ধরেন।
সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, দেশের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে বর্তমানে কতটি পদ শূন্য রয়েছে এবং এসব পদ পূরণে সরকারের সময়ভিত্তিক পরিকল্পনা কী।
জবাবে জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
একই প্রতিবেদন অনুযায়ী, সরকারি খাতে মোট অনুমোদিত পদ রয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। অর্থাৎ অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশের বেশি পদ এখন খালি পড়ে আছে। এই হিসাবে বর্তমানে কর্মরত জনবল প্রায় ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন।
এ বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে সরকার ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জবাবে আরও বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদের বিপরীতে নিয়োগসংক্রান্ত তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
পাশাপাশি দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদ পূরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
খায়রুল কবির খোকনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতে সম্পন্ন হওয়া নিয়োগের ক্ষেত্রে কোনো অভিযোগ পাওয়া গেলে বা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ব্যবস্থা গ্রহণের ফলে কোনো পদ শূন্য হলে সেসব পদেও মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি নিয়োগ কার্যক্রমের তথ্য প্রতি ৬ মাস অন্তর হালনাগাদ করা হয়। দেশের জেলা ও কেন্দ্রীয় পর্যায়সহ সব দপ্তর, বিভাগ এবং সরকারি কর্ম কমিশনের নিয়োগ কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রয়েছে।
তিনি বলেন, বর্তমানে বিভিন্ন দপ্তর থেকে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এসব তথ্য সমন্বয় করে নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন সরকারি কর্মচারী নিয়োগ পেয়েছেন, সে বিষয়ে জাতীয় সংসদকে অবহিত করা সম্ভব হবে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিভিন্ন সরকারি দপ্তরের দীর্ঘদিনের জনবলসংকট কমার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
সব মন্তব্য
No Comments