দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট দিয়ে আলটিমেটাম, এলাকায় আতঙ্ক

প্রকাশ : 11 Nov 2026
দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট দিয়ে আলটিমেটাম, এলাকায় আতঙ্ক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


আজ বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২)-এর বাড়িতে এসব সামগ্রী পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুই বাড়িতে কাফনের কাপড়সহ এসব জিনিস রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন কাফনের কাপড় ও চিরকুট দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন তা দেখতে দুই বাড়িতে ভিড় করেন। এ সময় তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।


বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’


অপরদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’


এ বিষয়ে মনি ডাক্তার বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় এসেছি। বাচ্চু মালিথাও আমার সঙ্গে এসেছেন।’


ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’


এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘এমন ঘটনার খবর আমরা শুনেছি। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সম্পর্কিত খবর

;