দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নিরাপত্তা

প্রকাশ : 19 Nov 2026
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নিরাপত্তা

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বুধবার (১৮ নভেম্বর) দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেয়। একই সঙ্গে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


বেবিচকের নির্দেশনা অনুযায়ী, সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে হবে। প্রবেশ ও বাহির পথে নিরাপত্তা তল্লাশি জোরদার করা, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী যানবাহন আরও কঠোরভাবে পরীক্ষা করার কথাও বলা হয়েছে। রাতে ফ্লাইট পরিচালনা হয় না এমন বিমানবন্দরেও টহল ও নজরদারি অব্যাহত রাখতে বলা হয়েছে, যাতে ফ্লাইট না থাকলেও বিমানবন্দর এলাকা নিরাপদ থাকে।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বাড়তি টহল, নজরদারি ও যানবাহন তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে বিমানবন্দর থানাকেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার বেবিচক ও পুলিশের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে ফ্লাইওভার, প্রবেশপথ, সংযোগ সড়ক ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো, চেকপোস্ট জোরদার করা এবং তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও নজরদারির আওতায় আনার বিষয়ে আলোচনা হয়।


এই সতর্কতার পেছনে সাম্প্রতিক কয়েকটি ঘটনা রয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ১০টায় বিমানবন্দরের পাশে জসিমউদ্দিন রোডে এবং রাত সোয়া ১টার দিকে শাহজালাল বিমানবন্দরের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিআরটি উড়াল সেতু থেকে গোলচত্বরের কাছে বিমানবন্দরের বাইরের গেটে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় চার পথচারী আহত হন। এর আগে গত ৬ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলের গাছের নিচে দুটি গ্রেনেড পাওয়া যায়, যা পরে বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদে নিষ্ক্রিয় করে।


তবে বেবিচক জানিয়েছে, বিমানবন্দরে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য নেই এবং রেড অ্যালার্টও জারি করা হয়নি। বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করবে না বেবিচক। বিমানবন্দরের টার্মিনাল ও অ্যাপ্রোন এলাকায় নিরাপত্তা বজায় রয়েছে এবং ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্নের তথ্য পাওয়া যায়নি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই জোরদার নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। 

সম্পর্কিত খবর

;