২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করবে

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘আকভান’, বাংলাদেশে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

প্রকাশ : 18 Nov 2026
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘আকভান’, বাংলাদেশে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় (১৮ নভেম্বর ২০২৬) এটি ১২ দশমিক ৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।


প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর ২০২৬ দুপুর নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ‘আকভান’ আরও শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবার, ১৯ নভেম্বর সকাল নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি কিছুটা দুর্বল হয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেলোর থেকে তুনি বা বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমের সময় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে, যা দমকা হাওয়ার আকারে ১৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অন্ধ্রপ্রদেশ উপকূলে অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে এবং ওড়িশার উপকূলীয় জেলা থেকে প্রায় ২ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। অন্ধ্রপ্রদেশে গত তিন সপ্তাহে এ নিয়ে তৃতীয় ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে।


এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ (দুই) নম্বর পুনঃ ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক পৃথক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।


সম্পর্কিত খবর

;