স্টাফ রিপোর্টার: দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতের মতো তৈরি পোশাকশিল্পকেও ধ্বংস করে অন্য কোনো বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে বলে তার অভিযোগ। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কোনো তাঁবেদার শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
সমাপনী বক্তব্যের শুরুতে সংসদের কার্যক্রমে অংশ নেওয়া স্বতন্ত্র সদস্য, বিরোধী দলের সদস্য এবং নিজ দলের সংসদ সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কোথাও একমত হওয়া গেছে, কোথাও মতপার্থক্য ছিল। আলোচনা, সমালোচনা ও ভিন্নমত গণতন্ত্রের বৈশিষ্ট্য। তবে দেশ ও জনগণের স্বার্থে সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে যেতে হবে। জনগণের স্বার্থ রক্ষাই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক সংসদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বারবার ষড়যন্ত্র হয়েছে। দেশের ভেতরে বেড়ে ওঠা একটি তাঁবেদার অপশক্তিকে ব্যবহার করে এসব ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থবিরোধী অপশক্তিকে পরাজিত করেছিল বলে তিনি উল্লেখ করেন। পরবর্তী সময়ে ২০০৯ সালে মহাজোটের নামে একজোট হয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয় বলেও তিনি মন্তব্য করেন। তার বক্তব্যে পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সেনা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং বিরোধী মত দমনের বিষয়গুলো উঠে আসে।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে নির্বাচন কমিশনসহ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর করে দেওয়া হয়েছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন এর সাক্ষী। ২০২৪ সালে ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো মানুষকে হত্যা ও পঙ্গু করে দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধদের মতো হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে তাঁবেদার অপশক্তি ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। এ জন্য দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী জনগণের প্রতি সংসদে দাঁড়িয়ে আবারও বিনম্র শ্রদ্ধা জানান তিনি।
বর্তমান সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র ও প্রশাসন পেয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতিবছর দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হতো। পাচার করা এসব অর্থ দেশের জনগণের। সেসব অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার দেশে ও বিদেশে সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করেছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ স্বাধীনতা ফিরে পেয়েছে, গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং রাষ্ট্র ও সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। গুম, খুন ও অপহরণের আতঙ্ক থেকে মানুষ মুক্তি পেয়েছে এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পর সরকার অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করার কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্দিষ্ট কোনো গোষ্ঠী নয়, সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যেন অর্থনীতির সুফল পান, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী প্রদানসহ সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
দেশে ও বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার জানিয়ে তারেক রহমান বলেন, গত কয়েক মাসে প্রায় পাঁচ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমশক্তিকে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছে সরকার। আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কয়েক লাখ মানুষ যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া সরকারি বন্ধ কলকারখানার অনেকগুলো চালু করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে আরও ৪৬ থেকে ৪৭টি বন্ধ কলকারখানা চালু করা সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী।
সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় বাংলাদেশ জ্বালানি সংকটে পড়ে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ওই যুদ্ধের কোনো পক্ষ না হলেও এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি। জনগণের ভোগান্তি কমানো এবং ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন যথাসম্ভব স্বাভাবিক রাখতে জ্বালানি খাতে সরকার এ পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে বর্তমান সরকার নিজের দায়িত্ব এড়াতে চায় না বলেও তিনি বলেন।
বিভিন্ন দেশে সফর করে বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানোর কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে, তবে কোনো দেশের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়নি। বিরোধীদলীয় নেতার অনুরোধ অনুযায়ী আগামী অধিবেশনে এসব এমওইউ সংসদে উপস্থাপন করা হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফসি থেকে ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় সম্প্রতি বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে ডিএফসির অর্থ আনার সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া চীন, তুরস্ক ও জাপানসহ কয়েকটি দেশ বাংলাদেশে বড় বিনিয়োগের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার বাজার মনিটরিং অব্যাহত রেখেছে বলে জানান তারেক রহমান। এ জন্য চাল, ডাল, ভোজ্যতেলসহ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক ও কর কমানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বক্তব্যে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বাজার থেকে বুধবার বিকেলে সংগ্রহ করা কয়েকটি পণ্যের দাম তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আগের সরকারের সময় প্রতি কেজি আলুর দাম ছিল ৭০ টাকা, বর্তমানে তা ২০ টাকা। পেঁয়াজের দাম ছিল ১৫০ টাকা, বর্তমানে ৪০ থেকে ৪২ টাকা। মোটা চালের দাম ৬৫ টাকা থেকে কমে ৫৫ টাকা এবং মিনিকেট চালের দাম ৮৫ টাকা থেকে কমে ৭০ টাকা হয়েছে।
আগামী ফেব্রুয়ারি মাসে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার কথা উল্লেখ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে আগাম ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক চাল, গম, চিনি, ছোলা, ভোজ্যতেল, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন ও আদাসহ ১০টি পণ্য সর্বোচ্চ ৯০ দিন বাকিতে আমদানির সুযোগ দিয়েছে। এতে আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন। এ ছাড়া রমজান উপলক্ষে খেজুরের ওপর ২০ শতাংশ কর কমানো হয়েছে। আপেল ও মালটার ওপর শুল্ক ৫০ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাকে পরাজিত অপশক্তির ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতকে একটি বিশেষ দেশের ওপর নির্ভরশীল করে তুলেছিল। একইভাবে দেশের গার্মেন্টশিল্প ধ্বংসেরও পাঁয়তারা করছে তারা। তারেক রহমান বলেন, গত ৫০ বছরে দেশের শ্রমিক ও মালিকরা মিলে তৈরি পোশাকশিল্পকে সমৃদ্ধ শিল্প হিসেবে গড়ে তুলেছেন। এ শিল্পে কর্মরত শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই নিম্নতম মজুরি ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন বলেও জানান প্রধানমন্ত্রী।
কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিকদের সতর্ক করে তিনি বলেন, বিদেশে অবস্থানরত পলাতক সন্ত্রাসী শক্তির উসকানিতে শ্রমিকরা যেন নিজেদের কর্মস্থলের ক্ষতি না করেন। কারখানা নষ্ট হলে শ্রমিকদের বেতন আসবে কোথা থেকে, সেই প্রশ্নও তোলেন তিনি। শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তিলে তিলে তারা এ শিল্প গড়ে তুলেছেন। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের এবং কর্মস্থলকে হেফাজত করতে হবে।
দেশকে নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের সমস্যার সমাধানের প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের সংসদে পাঠিয়েছেন। এ কারণে সরকার এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানের পদক্ষেপ নিচ্ছে। বিরোধী দলের একজন সংসদ সদস্যের বক্তব্যে রংপুরের উন্নয়নের বিষয়টি উঠে এসেছে উল্লেখ করে তিনি বলেন, সংসদ ও সংসদের মাধ্যমে গঠিত সরকার সারা দেশে সুষম উন্নয়নের জন্য কাজ করছে।
পতিত ও পলাতক ফ্যাসিস্ট চক্রের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের পরিবর্তন হয়নি বলে তার অভিযোগ। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, দুই দিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা, আমেরিকায় এনসিপির প্রতিনিধিদের সঙ্গে আচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনা দেশবাসী দেখেছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতক নেত্রী তার কর্মীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং তাদের হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, তারা বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
বক্তব্যের শেষ পর্যায়ে পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন। বাংলাদেশের জনগণ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের অভ্যুত্থান ঘটায়নি।
প্রধানমন্ত্রী বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি ঠেকাতে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২৪-এর মতো এক মঞ্চে এসে দাঁড়ানো। সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরের গণতান্ত্রিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই। এ সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হামলার প্রসঙ্গও তিনি টেনে আনেন।
বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের সংসদ, এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে আমরা সঁপে দেব না। গণতন্ত্রকামী জনগণ ওই অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না বলেও তিনি উল্লেখ করেন। বক্তব্যের শেষ পর্যায়ে সংসদ পরিচালনার জন্য স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানান তিনি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের ধারাবাহিক অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মানুষ হত্যা এবং গ্রামীণ ব্যাংকের ওপর সিরিজ হামলা কঠোরভাবে দমন করতে হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত কয ...
বরিশাল অফিস: পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর ...
ডেস্ক রিপোর্ট: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধ ...
সব মন্তব্য
No Comments