খিলগাঁওয়ে শ্রমিক দল নেত্রীর ওপর বোমা হামলা

প্রকাশ : 18 Nov 2026
খিলগাঁওয়ে শ্রমিক দল নেত্রীর ওপর বোমা হামলা

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও রেলগেটে শ্রমিক দল নেত্রী নাসিমা বেগমের ওপর বোমা হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় খিলগাঁও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বোমার আঘাতে গুরুতর আহত নাসিমা বর্তমানে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


নাসিমা বেগম ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এবং শাহজাহানপুর থানা শ্রমিক দলের সদস্য বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি খিলগাঁও ফ্লাইওভার থেকে জয়বাংলা স্লোগান দিয়ে একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দ্রুতগতিতে সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে একটি বোমা সরাসরি নাসিমা বেগমের ওপর পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পেছনে নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মীরা জড়িত বলে শ্রমিক দলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন।


ঘটনার পরপরই স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা খিলগাঁও রেলগেট এলাকায় বিক্ষোভ করেন। এদিকে হামলার খবর পেয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা হাসপাতালে ছুটে যান এবং আহত নাসিমার খোঁজখবর নেন।


এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব বদরুল আলম সবুজ জানান, আহত শ্রমিক দল নেত্রী নাসিমা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বোমা হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



সম্পর্কিত খবর

;