দেড় একরের নতুন মাঠ পাচ্ছে ডিএমআরসি

প্রকাশ : 18 Nov 2026
দেড় একরের নতুন মাঠ পাচ্ছে ডিএমআরসি

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের জন্য মাতুয়াইলে প্রায় দেড় একর জমির ওপর নতুন খেলার মাঠ নির্মাণের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল বুধবার রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।


ডিএসসিসি প্রশাসক বলেন, কলেজজীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। নতুন মাঠ নির্মাণের পাশাপাশি উদ্বোধন করা মাঠেও আলোকসজ্জা, ইন্টারনেটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান প্রশাসক।


তার মতে, উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপকৃত হবেন। ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার বিনামূল্যে বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্যোগ নেওয়ার কথাও জানান ডিএসসিসি প্রশাসক। এর আওতায় লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার ও আহসান মঞ্জিলসহ রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন করানো হবে।


নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিনদিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি।


ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগের বিষয়ে আবদুস সালাম বলেন, এলাকার খালগুলো পুনর্খনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। খালের ওপর অপরিকল্পিত সেতু নির্মাণ না করে খাল পুনরুদ্ধারে সিটি করপোরেশনকে সহযোগিতা করতে হবে। নাগরিকদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় কালভার্ট সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ করে দেওয়া হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা, কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা, অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন ও কো-চেয়ারম্যান ও কথাসাহিত্যিক আফরোজা বেগম লতা প্রমুখ।


সম্পর্কিত খবর

;