স্টাফ রিপোর্টার: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র উত্তোলনে বাধা, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং প্রার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল ১২ নভেম্বর।
অভিযোগ অনুযায়ী, ই-ক্যাবের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে মুহাম্মাদ ইসমাইল হোসাইন ও হোসনে আরা নুরী নওরীনকে বাধা দেওয়া হয়। একই পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী আরেক প্রার্থী কাজী মুকিতুজ্জামান মুকিতের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সবশেষ অভিযোগ করেছেন বিডি এক্সক্লুসিভের স্বত্বাধিকারী মুহাম্মাদ ইসমাইল হোসাইন। তিনি জানান, ১২ নভেম্বর সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে ঢাকার ধানমন্ডিতে ই-ক্যাবের কার্যালয়ে গেলে তাকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করে ই-ক্যাবের অফিসকক্ষ ত্যাগ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। ফলে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেননি বলে জানিয়েছেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহের জন্য নির্ধারিত অর্থ জমা দেওয়ার পর মুহাম্মাদ ইসমাইল হোসাইনের মানি রিসিপ্ট কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে কাজী মুকিত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তাঁকে ধাক্কা দিয়ে কার্যালয়ের কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
এর আগের দিন ১১ নভেম্বর হোসনে আরা নুরী নওরীন সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে তাকেও মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের অভিযোগ, হোসনে আরা নুরী নওরীন ই-ক্যাব কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে কাজী মুকিত ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে টেনেহিঁচড়ে সেখান থেকে সরিয়ে দেন। এতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে মব করে ই-ক্যাব অফিস থেকে বের করে দেওয়া এবং হেনস্তা করতে দেখা যায় বলে জানা গেছে। পরে কয়েকজন নারী তাকে ধরে ধানমন্ডি থানায় নিয়ে যান বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। ঘটনার সময় তার মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ উঠেছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, নওরীনকে তাঁর নিরাপত্তার স্বার্থে থানায় রাখা হয়েছিল। তিনি জানান, যাচাই করে তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। পরে ১১ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে তিনি থানা থেকে মুক্ত হন বলে জানা গেছে।
নওরীন এর আগে ৯ নভেম্বর পুলিশ ক্লিয়ারেন্স পেয়েছিলেন এবং ১০ নভেম্বর ই-ক্যাবের কাছে ১ লাখ টাকা জমা দিয়েছিলেন বলে জানা গেছে। ঘটনার কয়েক ঘণ্টা আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, নির্বাচনে অংশ নিতে গিয়ে তিনি নিরাপত্তাহীনতা অনুভব করছেন।
এ ছাড়া ১০ নভেম্বর সভাপতি পদে প্রার্থী সাকিফ শামীমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে তার প্রতিনিধি মোহাম্মদ কাওসার জাহান হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। ধানমন্ডি থানায় ইমেইলে পাঠানো লিখিত অভিযোগে তিনি জানান, কার্যালয় থেকে বের হওয়ার পরপরই একদল লোক তাকে মারধর করে মনোনয়নপত্র ছিঁড়ে ফেলে। এ ঘটনায় জান্নাতুল হক শাপলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেওয়া একমাত্র প্রার্থী কাজী মুকিতুজ্জামান মুকিত বলেন, এরকম কোনো কিছু ঘটেনি। তিনি বলেন, ইসমাইল হোসাইন পরিচালক পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, তা আগে তাকে বলেননি। এ কারণে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে উৎসাহ পেয়েছেন।
ইসমাইল হোসাইন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সাধারণ সম্পাদক পদে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদেরও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে বাধা দেওয়া এবং ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এর ফলে শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক পদে মাত্র একজন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ে এবং তিনি একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এতে সাধারণ সম্পাদক পদে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা করা এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ই-ক্যাব সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। তবে এখন পর্যন্ত সভাপতি পদে তিনজন, সিনিয়র সহসভাপতি পদে দুইজন, সহসভাপতি পদে একজন, সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজন এবং অর্থ সম্পাদক পদে দুইজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। বাকি পাঁচটি পরিচালক পদের জন্য আরও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
নির্বাচন বোর্ডের সদস্য ফিরোজ আল মামুন জানান, তারা মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার বিষয়ে কিছু লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবেন বলে আশ্বাস দেন তিনি।
নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে নির্বাচন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধ ...
স্টাফ রিপোর্টার: অবশেষে দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্ ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আকভান এ পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের না ...
স্টাফ রিপোর্টার: শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭৬ সালে ...
সব মন্তব্য
No Comments