চুরির অপবাদে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলে বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ

প্রকাশ : 17 Nov 2026
চুরির অপবাদে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলে বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ


রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:  পিরোজপুরের জিয়ানগরে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেওয়ার অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর করে শিকলে বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। এ সময় তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় ওই কলা ও সুপারি। সোমবার উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। স্থানীয়রা জানান, তিনি হতদরিদ্র ও মানসিকভাবে অসুস্থ। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেন রুহুল আমিন। এ ঘটনায় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করা হয়। গলায় ঝুলিয়ে দেওয়া হয় কলা ও সুপারি। এরপর তাকে গ্রাম ঘোরানো হয়।।এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝেমধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য অপরাধে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা ঠিক হয়নি।


ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

;