পঞ্চগড়ে ৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশ : 16 Nov 2026
পঞ্চগড়ে ৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে মহাসড়ক অবরোধ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়ামের সন্ধান দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। দ্রুত সিয়ামের সন্ধান নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।


সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তব্য দেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুবেল, বোদা পৌরসভা বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, ৩ নম্বর ব্লকের সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম, নিখোঁজ শিক্ষার্থী সিয়ামের বাবা মো. সল্লু ইসলামসহ অনেকে।


বক্তারা জানান, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম গত ১২ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও এখন পর্যন্ত সন্তোষজনক অগ্রগতি দেখতে পাননি বলে অভিযোগ করেন তারা।


এ সময় বক্তারা বলেন, একটি শিশু পাঁচ দিন ধরে নিখোঁজ, অথচ তার সন্ধান না পাওয়ায় পরিবারসহ পুরো এলাকাবাসী উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সাধারণ মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার—এমন প্রশ্নও তোলেন তারা। দ্রুত সময়ের মধ্যে সিয়ামের সন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।


মানববন্ধনে সিয়ামের শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী ও সাধারণ মানুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। একপর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।


পরে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রেজওয়ানুল হক মন্ডল এবং বোদা পৌরসভা বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়ের আশ্বাস ও অনুরোধে আন্দোলনকারীরা আপাতত অবরোধ তুলে নেন।


সম্পর্কিত খবর

;