মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২

প্রকাশ : 16 Nov 2026
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টা ৫০ মিনিট থেকে রাত ১০টা ৫ মিনিটের মধ্যে মিরপুর-১ এলাকায় এ ঘটনা ঘটে।


মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। মিরপুর-১ নম্বরের টেকনিক্যালগামী সড়কে ফুটওভার ব্রিজ ও মসজিদ মার্কেটের সামনের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ব-১৩-০৬৬৫। তিনি বলেন, বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী সবাই নিরাপদে নেমে আসেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।


মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক দুইজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেপ্তার ওই দুইজনের নাম জানা যায়নি।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির সব আসন পুড়ে গেছে। এ ছাড়া বাসটির সামনের বড় কাচও ভেঙে গেছে। কারা, কী কারণে এ আগুন দিয়েছে, তা তদন্ত করছে পুলিশ।


সম্পর্কিত খবর

;