মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

প্রকাশ : 17 Nov 2026
মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

স্টাফ রিপোর্টার: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ নম্বর থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে। একই সঙ্গে মিরপুর-১০ ও মিরপুর-১৩ নম্বর এলাকায় শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে।


মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, সকালে মিরপুরের দারুসসালাম ও শাহ আলী থানা এলাকায় জড়ো হন পোশাকশ্রমিকেরা। পরে সেখান থেকে তারা মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় আসার চেষ্টা করেন। তাদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। বর্তমানে মিরপুর-১০ নম্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।


এর আগে সকাল ৯টার দিকে মিরপুর-১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচের সড়কে শ্রমিকরা অবস্থানের চেষ্টা করেছিল বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। তিনি বলেন, পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি এবং বাধার মুখে তারা প্রধান সড়কে উঠতে পারেনি। শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়েছে এবং তারা সড়কের পাশে দাঁড়িয়ে নিজেদের দাবি-দাওয়ার বিষয়ে কথাবার্তা বলে প্রায় এক ঘণ্টা পর ওই এলাকা থেকে চলে যান।


অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে অনেক পোশাক কারখানার শ্রমিক বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে সেখান থেকে তারা মিরপুর-১০ নম্বর ও মিরপুর-১ নম্বরের দিকে চলে যান। সকাল থেকে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাইকিং করে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে শ্রমিকরা অবস্থান অব্যাহত রাখলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।


পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বেলা সোয়া ১১টার দিকে জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। আর মেট্রো স্টেশনের নিচে অবস্থান করছেন বিজিবির সদস্যরা। মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচেও পুলিশ ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এ সময় মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।


পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে এক মাস ধরে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ চলতে থাকে। তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। রাজধানীর পরিস্থিতি শান্ত হলেও বাইরে প্রায় প্রতিদিনই আন্দোলন-বিক্ষোভের খবর আসছিল।


এর মধ্যে বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। বোর্ডের তৃতীয় সভা সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার সকালে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়। কথা ছিল, সোমবার মালিকপক্ষ ন্যূনতম মজুরির প্রস্তাব দেবে। বোর্ডের স্থগিত করা সভাটি আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন বেলা সাড়ে ১১টায় বোর্ডের সেগুনবাগিচা কার্যালয়ে এই সভা হবে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ন্যূনতম মজুরি বোর্ড এক নোটিশে জানিয়েছে। সভা স্থগিতের পরদিনই সড়কে নামলেন মিরপুরের শ্রমিকরা।


সম্পর্কিত খবর

;