সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

প্রকাশ : 17 Nov 2026
সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 


এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩ থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় ছিল সকাল ৭টার দিকে। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। 


আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর বর্তমানে সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে কোন মামলায় সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে। 


সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 


দুদকের অভিযোগ অনুযায়ী, শাহানা হানিফ ও সাঈদ খোকন ‘সাইদ খোকন প্রপার্টিজ লিমিটেড’র বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে লেয়ারিং প্রক্রিয়ায় ৫৪ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৩০৪ টাকা ছদ্মবৃত্ত করেন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সেদিন সাংবাদিকদের এ তথ্য জানান। মোট ৫৪ কোটি ৭৮ লাখ টাকা তিনটি ব্যাংকের সাতটি হিসাবে লেনদেনের মাধ্যমে স্থানান্তর করা হয় বলে দুদক জানায়। 


এর আগে ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টা ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। সেসময় আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এদের সঙ্গে আর্থিক যোগসূত্র রয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। এ ছাড়া এসব হিসাবসমূহ থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা রয়েছে। ফলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণকরণ ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে।


এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এ সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। 


শুধু ব্যাংক হিসাবই নয়, সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে আরও বড় আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপেচুয়াল বন্ড অ্যাকাউন্টে প্রায় ৯০ কোটি টাকার লেনদেন স্থগিত করার আদেশ দেন। একই আদেশে গুলশানে একটি ১৪ তলা ভবন, বনানীতে দুটি বাড়ি, বারিধারায় তার বোন শাহানা হানিফের একটি প্লট ও ভবন জব্দের নির্দেশও দেওয়া হয়। 


এছাড়া আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সাঈদ খোকন ও তার পরিবারের কর ফাঁকি অনুসন্ধান করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। প্রাথমিকভাবে সাঈদ খোকন পরিবারের ব্যাংক হিসাবে প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকার লেনদেন ও প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ২৯৭ কোটি টাকা কর ফাঁকি উদ্ঘাটন করেছে সংস্থাটি। ২০২৫ সালের অক্টোবরে সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত শুরু করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্স ইন্টেলিজেন্স উইং আরও অভিযোগ করেছে, গত পাঁচ বছরে সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যরা অন্তত ৩১৫ কোটি টাকার আয় ও সম্পদ গোপন করেছেন। এর মধ্যে অন্তত ১৪৫ কোটি টাকার অপ্রদর্শিত আয় ও সম্পদের সন্ধান পাওয়া গেছে সাঈদ খোকনের নিজের নামে, আর আরও ১৭০ কোটি টাকা তার স্ত্রী, মা ও বোনের সঙ্গে যুক্ত। 


জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই সাঈদ খোকন পলাতক ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ সকালে বারিধারার বাসা থেকে তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নেওয়া হবে কিনা, তা এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি সূত্র।


সম্পর্কিত খবর

;