কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ তথ্য জানিয়েছেন। এদিন বিকাল সোয়া ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন স্পিকার।
স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর হতে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষর যুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র প্রাপ্ত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে উল্লেখ করে স্পিকার আরও বলেন, ‘সেই অনুযায়ী, ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জালাল মোহাম্মদ গাউছ জানিয়েছেন, সংসদ সদস্য ওসমান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য চার মাস ধরে তিনি দেশের বাইরে রয়েছেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে ২০০১-২০০৬ মেয়াদে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। তিনি ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।
স্টাফ রিপোর্টার: পুলিশ বলপ্রয়োগ করতে পারে, পুলিশের সেই অধিকার রয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, পুলিশের বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুল ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ নম্বর থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিক ...
ডেস্ক রিপোর্ট: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দল গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. তাজুল ইসলাম ব্যাপারীকে আজীবন বহিষ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গল ...
সব মন্তব্য
No Comments