প্রথম দিনে ৩৫০ মেগাওয়াট
স্টাফ রিপোর্টার: অবশেষে দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজড (সমন্বিত) হয় কেন্দ্রটি। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির ট্রায়াল রান শুরু হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হওয়ার পর বিকেল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ও জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এর আগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতি শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। এই পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডের সঙ্গে সমন্বয়ের কার্যক্রম এগিয়ে যাবে।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। বিশেষ করে জাতীয় গ্রিডে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ যুক্ত হলে গ্রিডের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল থাকে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
পরবর্তীতে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করা হবে। এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে। পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
সব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর আবারও পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম শুরু হবে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হলেও এখনই বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে না।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এ পর্যায়ে প্রথম ইউনিটটি রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রাথমিকভাবে হস্তান্তর করা হবে। পরে সরকারি গেজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালন সংস্থা হিসেবে এনপিসিবিএল কার্যক্রম শুরু করবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে আরও বেশ কয়েকটি ধাপের পরীক্ষা সম্পন্ন করতে হবে।
জানা গেছে, রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হবে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় কেন্দ্রটি। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কার্যত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি ঘটবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুই ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজও এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধ ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আকভান এ পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের না ...
স্টাফ রিপোর্টার: শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭৬ সালে ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার থেকে শুরু হওয়া এ নিবন্ধন কা ...
সব মন্তব্য
No Comments