সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

প্রকাশ : 17 Nov 2026
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। 


এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) তাকে আটক করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। 


মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 


মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে গুলিতে নিহত হন কিশোর আবদুল মোতালেব (১৪)। এ ঘটনায় তার বাবা আবদুল মতিন বাদী হয়ে ২০২৪ সালের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর এজাহারনামীয় আসামি। 


রিমান্ড আবেদনে পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা মনে করছেন। আবেদনে আরও বলা হয়, সরকার পতনের পর তিনি ঢাকা শহরের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনা করে আসছিলেন বলে তথ্য রয়েছে এবং পলাতক নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 


আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক আসামিদের অবস্থান ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, আসামিকে আশ্রয়দাতাদের পরিচয়, তাদের বর্তমান আস্তানা ও সভা-আলোচনার স্থান এবং দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান দেওয়ার অভিযোগও আবেদনে উল্লেখ করা হয়েছে। 


অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবু সাঈদ সাগরসহ অন্যরা রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানিতে তারা বলেন, সাঈদ খোকন ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তাদের দাবি, তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে এবং এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অপরাধের বিশ্বাসযোগ্য উপাদান নেই। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। 


এদিকে, গ্রেপ্তার সাবেক মেয়রকে আদালতে আনা হবে জানতে পেরে আগে থেকেই আদালত এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা ঝাড়ু হাতে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 


ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলাসহ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 


সম্পর্কিত খবর

;