নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশ : 19 Nov 2026
নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

খুলনা অফিস: নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনের বেলার যাত্রাগুলোও আপাতত স্থগিত রাখা হয়েছে।


পরিবহন মালিক ও শ্রমিকদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে বাস চলাচলে বাধা সৃষ্টি, কয়েকটি বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে খুলনা বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।


এই সিদ্ধান্তের ফলে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি খুলনা থেকে ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।


এদিকে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। বুধবার দুপুর থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী কোনো বাস ছাড়বে না বলে জানানো হয়েছে। এর আগে বিকল্প হিসেবে সাতক্ষীরা থেকে যশোর ও আরিচা ফেরি হয়ে ঢাকা রুটে বাস চালানো হচ্ছিল।


বাগেরহাট থেকেও ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার বেলা ১১টার পরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।


পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বৃহস্পতিবার বিকেল থেকে মাওয়া রুটে আবার বাস চলাচল শুরু হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।



সম্পর্কিত খবর

;