বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক

প্রকাশ : 26 Nov 2026
বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মেহেন্দীগঞ্জে টাকা চেয়ে না পেয়ে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে (২৩) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। অভিযুক্ত রবিউল দৈনিক মজুরিভিত্তিক কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রবিউল পরিবারের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে নিরু বেগম ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় বাধা দিতে গেলে বাবা রহিম ফকিরকেও পিটিয়ে আহত করেন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাবা রহিম ফকির চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার সূত্রপাত নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। ভাসনচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন জানান, সকালে রবিউল প্রথমে বাবার কাছে টাকা চান। বাবা টাকা দিতে অস্বীকার করায় বাবাকে শাবল দিয়ে আঘাত করেন তিনি। মা বাধা দিতে এলে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। অন্যদিকে পরিবারের বরাতে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। টাকা না দেয়ায় মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে শাবল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন তিনি।


ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর জানান, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝামেলা করতেন। সকালে নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিহত নিরু বেগমের মামাতো ভাই সাইফুল ইসলাম বলেন, রবিউল নেশা করে। নেশা কিনতে মায়ের কাছে টাকা চায়। টাকা না দেয়ায় শাবল দিয়ে মায়ের মাথায় বাড়ি দিয়েছে। তাঁর দাবি, রবিউল ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে জেলও খেটেছে।


তবে হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। কাজিরহাট থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, মাকে পিটিয়ে হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। একেকজন একেক রকম কথা বলছে। রবিউলের সৎ মা দাবি করছেন রবিউলের মানসিক সমস্যা রয়েছে। রেগে গেলে মারমুখী আচরণ করে। আবার এলাকাবাসী জানিয়েছে সে মাদক সেবন করে। মাদক কেনার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে। রবিউলকে জিজ্ঞাসাবাদ করার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি। তিনি আরও বলেন, মামলা দায়েরের পর তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।


ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত রবিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের মেয়ে নুপুর বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। একমাত্র রবিউলকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে ওই মামলায় রবিউলকে গ্রেপ্তার দেখিয়ে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হবে।


সম্পর্কিত খবর

;