শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে জাসদের আলোচনাসভা

প্রকাশ : 26 Nov 2026
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে জাসদের আলোচনাসভা

স্টাফ রিপোর্টার: ১৯৯০ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মহান শহীদ তৎকালীন বিএমএ'এ যুগ্ম মহাসচিব  ও জাসদনেতা ডা. শামসুল আলম খান মিলনের হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে 'শহীদ ডা. মিলনের আত্মবলিদান: ৯০-এর গণ অভ্যুত্থান' শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লাহর সভাপতিত্বে এবং গণসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সম্পাদক আলী হাসান তরুন, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, এড. আবু হানিফ,  জাতীয় যুব জোটের সহ-সভাপতি অশুভংকর দে বাপ্পা, জাসদ সমর্থিত ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ। 

সভায় বক্তারা শহীদ ডা. শামসুল আলম খান মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সামরিক স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের লক্ষ্যভেদী গুলিতে ডা. মিলন নিহত হবার খবর দাবানলের মত সারা দেশে ছড়িয়ে যায় এবং ছাত্র-জনতার আন্দোলন কয়েকদিনের মধ্যে গণঅভ্যুত্থানে পরিনত হয়, ৩ ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ পদত্যাগের ঘোষনা দিতে বাধ্য হয়। ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের কাছে সামরিক শাসকের পরাজয় ইতিহাস রচিত হয়। বক্তারা এরশাদ সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ শাহজাহান সিরাজ, শহীদ জয়নানসহ শহীদ জাসদের নেতা-কর্মী এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। বক্তারা বলেন, ৯০ এর গণঅভ্যুত্থানের চেতনা এবং তিন জোটের রূপরেখা থেকে ৯০ পরবর্তী শাসক দলগুলি এবং রাজনৈতিক নেতৃত্বের সরে আসার ফলেই বাংলাদেশে গণতন্ত্র বার বার হোচট খাচ্ছে এবং গভীর রাজনৈতিক সংকটে পতিত হচ্ছে। দেশে গণতান্ত্রিক শাসনের সংকট থেকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি, সাম্প্রদায়িক জঙ্গীবাদী উগ্রবাদী শক্তির উত্থান ঘটেছে। বক্তারা বলেন, মেটিকুলাস ডিজাইনে ২৪ এর ৫ আগস্টের রেজিমচেইঞ্জ অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশ ১৯৭১ এর পরাজিত দেশী বিদেশী শক্তির পদানত হয়েছে। দেশকে প্রতিহিংসার রাজনীতি আষ্টেপৃষ্ঠে বন্দী করেছে। মবতন্ত্র দেশের জনগণের জন্য অভিশাপ হিসাবে দেখা দিয়ে। অসম চুক্তিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লংঘিত হয়ে গেছে। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধকে মুছে ফেলে পাকিস্তানি ভাবাদর্শ চাপিয়ে দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের উপর প্রতিশোধ নেয়া হচ্ছে। রাজাকারদের বিচার আদালত দখল করে রাজাকারদের ধারক বাহকরা স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ মুক্তিযোদ্ধার মিথ্যা মামলায় সাজানো বিচারে ফরমায়েশি রায় চাপিয়ে দিচ্ছে। পদে পদে মৌলিক অধিকার লংঘিত হচ্ছে। আদালতকে রাজনৈতিক  প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ারে পরিনত করা হয়েছে। বক্তারা বলেন, দেশকে রাজনৈতিক অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করতে হলে নিয়ন্ত্রিত গণতন্ত্রের প্রহসন থেকে বের হয়ে অবাধ মুক্ত গণতন্ত্রের পথে যেতে হবে। বক্তারা বলেন, নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে প্রহসনের অবসান, মবতন্ত্রের অবসান করে অবাধ মুক্ত গণতন্তের পথে ফিরে যাওয়ার সংগ্রাম আর জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুর কারামুক্তি সংগ্রাম একই সাথে চালাতে হবে। বক্তারা বলেন, এই সংগ্রাম কোনো দলের সংগ্রাম না, এই সংগ্রাম দেশ বাঁচানোর জাতীয় সংগ্রাম। এখানে উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কে স্বৈরাচারী এরশাদের লেলিয়ে দেয়া সশস্ত্র গুন্ডারা লক্ষ্যভেদী গুলি করে তৎকালীন বিএমএ'র যুগ্ম মহাসচিব ও জাসদনেতা ডা. শামসুল আলম খান মিলনকে হত্যা করেছিল। 



সম্পর্কিত খবর

;