শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা তৈরির নির্দেশ

প্রকাশ : 26 Nov 2026
শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা তৈরির নির্দেশ

স্টাফ রিপোর্টার: জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।


ওই পত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ নভেম্বরের এক স্মারকের সূত্রে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ অনুযায়ী টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।


এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত গত ২৩ নভেম্বরের এক চিঠিতে জানানো হয়, মন্ত্রিসভা বৈঠকে গৃহীত অবাস্তবায়িত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ২৯ নভেম্বর বেলা আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।


ওই চিঠির সংযুক্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে দুটি বাস্তবায়নাধীন সিদ্ধান্ত রয়েছে। প্রথমটি গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার-বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম গ্রহণ। দ্বিতীয় সিদ্ধান্তটি গত ৩ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের নির্দেশনা অনুযায়ী সরকারি অফিসে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণ, যেখানে পর্যায়ক্রমে সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।


উল্লেখ্য, গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগ এই নীতিমালার উদ্যোক্তা। নীতিমালার প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য এবং সার্বিক পরিচ্ছন্নতার মান উন্নত করা এবং নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করা।


শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার-বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছিল। এ ছাড়া ভৌত অবকাঠামো সংক্রান্ত উন্নয়ন প্রকল্পসমূহে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করতে হবে এবং টয়লেটের বর্জ্য সংরক্ষণে সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করার বিষয়টিও নীতিমালায় রয়েছে।


সম্পর্কিত খবর

;