বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নিতে আর কোনো আইনি বাধা নেই।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আবেদনটি আপিল বিভাগের আজকের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে ওঠে। শুনানি শেষে বেলা সাড়ে ১১টার দিকে আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেওয়া হয়। একই সঙ্গে এ সংক্রান্ত রুল হাইকোর্টে দ্রুত নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, এর অর্থ হলো, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধতি, রীতি ও আইন অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জয়নাল আবেদীন বলেন, আপিল বিভাগ ভর্তি পরীক্ষার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করে মামলাটি নিষ্পত্তি করেছেন। এখন আর ৩১ ডিসেম্বরের আগে পরীক্ষা নিতে বাধা নেই।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম ও আইনজীবী কামরুন নাহার মাহমুদ।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
হাইকোর্টের ওই আদেশে একই সঙ্গে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখতে অথবা বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি সম্পূরক পরীক্ষা ও পুনর্নিরীক্ষণে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই আবেদন ১৯ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান এবং ২৩ নভেম্বর তারিখ নির্ধারণ করেন।
যে প্রেক্ষাপটে রিট
উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে (চতুর্থ বিষয় ছাড়া) অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ে (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ে ব্যর্থতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ আবেদনকারী হয়ে গত ১২ নভেম্বর রিটটি করেন।
গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়।
ইউজিসির আহ্বানে অধিভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছালেও ঢাকা বিশ্ববিদ্যালয় আগের ঘোষিত সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত বহাল রাখে। পরে ইউজিসির সিদ্ধান্ত অনুসরণ না করার বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় নিজেদের বিধি অনুযায়ী ভর্তি পরীক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম চালিয়ে নিতে চায়, যাতে শিক্ষাবর্ষের ক্ষতি না হয় এবং শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত না হন। মেধাবী শিক্ষার্থীরা কেন অপেক্ষা করবে, আবেদনে সে বিষয়টিও তুলে ধরা হয়। রিট আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, রিট আবেদনকারী পরীক্ষার্থী নন, এমনকি পরীক্ষার্থীর মা-ও নন।
এইচএসসির প্রেক্ষাপট
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন, যাদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি কাঙ্ক্ষিত ফল না পেয়ে গত ৮ নভেম্বর পর্যন্ত ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি পত্রের খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেন। পুনর্নিরীক্ষা ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সম্পূরক পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৩ ডিসেম্বর।
আপিল বিভাগের আজকের আদেশের ফলে এইচএসসির পুনর্নিরীক্ষা ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেও বিশ্ববিদ্যালয়গুলো তাদের পূর্বঘোষিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে পারবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো চাইলে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সূচিতে পরিবর্তনও আনতে পারবে, কারণ আপিল বিভাগ বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব নিয়ম-পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালানোর সুযোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ১৮ থেকে ১০টা ২ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) পঞ্চম ফাউন্ডেশন ডে উদযাপিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নানা আয়োজনের মধ্য দিয়ে, উচ্চশিক্ষার প্রসা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইউজিসির ১৫ নভেম্বরের মতবিনিময় সভার পর প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ...
সব মন্তব্য
No Comments