স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন। বিবাদীদের দ্রুত রুলের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন। এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা সাংবাদিকদের বলেন, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর তাদের ফল প্রকাশের কথা রয়েছে। অথচ এসব শিক্ষার্থীর সম্পূরক ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব শিক্ষার্থীর কথা বিবেচনা করে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন।
হাইকোর্টের এই নির্দেশনার ফলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ অন্তত ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি স্থগিত বা পিছিয়ে যাওয়ার মুখে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে যাঁরা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি শুরু হওয়ার কথা রয়েছে। এই পরীক্ষা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীরা পূর্ণ ২০২৬ সালের সিলেবাসে এবং অনিয়মিত পরীক্ষার্থীরা নির্ধারিত নিয়মে এই পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অন্যদিকে, খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে। সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তি আবেদনের কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। তবে ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের ঘোষণা দেয়।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে আদালত এই স্থগিতাদেশ দিয়েছেন বলে রিটকারী পক্ষ জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) পঞ্চম ফাউন্ডেশন ডে উদযাপিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নানা আয়োজনের মধ্য দিয়ে, উচ্চশিক্ষার প্রসা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইউজিসির ১৫ নভেম্বরের মতবিনিময় সভার পর প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: নানা আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী ...
স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ খুব শিগগিরই ...
সব মন্তব্য
No Comments