১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর, নিয়োগের সুপারিশ যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে

প্রকাশ : 13 Nov 2026
১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর, নিয়োগের সুপারিশ যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে

স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ খুব শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সভার কার্যবিবরণী (রেজ্যুলেশন) চূড়ান্ত হওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হবে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদীয় কমিটির একটি সূত্র জানায়, গত ৮ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। তবে সভার রেজ্যুলেশনটি বর্তমানে চূড়ান্তকরণের প্রক্রিয়ায় রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।


গত ৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠকে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসিএর সর্বশেষ সিদ্ধান্ত কমিটিকে জানানো হয়। এরপর সার্বিক বিষয় বিবেচনা করে নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।


এ বিষয়ে জানতে চাইলে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদীয় কমিটির সুপারিশ শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো নিয়ে কী সিদ্ধান্ত নিল, সে বিষয়ে স্থায়ী কমিটির পরবর্তী সভায় জানতে চাওয়া হবে।


সূত্রের তথ্য অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পর বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিবসহ এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।


এদিকে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বঞ্চিত শিক্ষকেরা। গত রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা জানান, ২০০৫ সাল থেকে সনদ দেওয়া হলেও এনটিআরসিএর বিভিন্ন নীতিমালা পরিবর্তন, ভাইভা নম্বরের তারতম্য ও বয়সের বাধ্যবাধকতার কারণে ১ থেকে ১২তম ব্যাচের একটি বড় অংশ পদে পদে বৈষম্যের শিকার হয়েছেন।


শিক্ষক নেতারা আরও জানান, ২০১৭ সালে আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৮ সালের ১২ জুনের আগে সনদপ্রাপ্তদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। অথচ নানা আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে তাঁরা নিয়োগ থেকে বঞ্চিত রয়েছেন। বিগত সরকারের আমলে শাহবাগে টানা ২০৩ দিন আন্দোলন করলেও তাঁদের সমস্যার স্থায়ী সমাধান হয়নি।


তাঁদের দাবি, ১৩তম ব্যাচের ২ হাজার ২০৭ জন প্রার্থী যদি আদালতের আদেশে নিয়োগের সুযোগ পান, তবে ১ থেকে ১২তম ব্যাচের ক্ষতিগ্রস্ত প্রার্থীরাও ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন। এ জটিলতা নিরসনে তাঁরা আদালতের রায় বাস্তবায়ন ও নির্বাহী আদেশে দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।


তবে এটা স্পষ্ট করে বোঝা জরুরি, এটি এখনো নিয়োগের আদেশ নয়, সংসদীয় কমিটির সুপারিশ। সুপারিশ বাস্তবায়িত হবে কি না, হলে কীভাবে হবে, তা নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ওপর।


সম্পর্কিত খবর

;