১৭ ও ১৮ নভেম্বর সংলাপ স্থগিত

সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ

প্রকাশ : 13 Nov 2026
সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।


এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।


আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। স্থগিতের কারণ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। তবে সংলাপটি স্থগিত হওয়ার খবরের পরিপ্রেক্ষিতে জয়সওয়াল বলেন, নতুন তারিখ দুই দেশের পারস্পরিক সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে।


ব্রিফিংয়ে জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।


তিনি বলেন, বাণিজ্য, রেলওয়ে, পানি সম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠক হয়েছে। ভারত কারিগরি পর্যায়সহ বিদ্যমান এসব কাঠামোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে।


কনস্যুলার সংলাপে সাধারণত ভিসা সহজীকরণ, সংশোধিত ভ্রমণ ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা, আটক নাগরিক ও জেলেদের প্রত্যাবর্তন এবং পারস্পরিক আইনি সহায়তার মতো বিষয়গুলো আলোচনায় আসে। এবারের সংলাপেও ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।


একই ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জয়সওয়াল। তিনি বলেন, যখন তিনি আইনি বিষয়ের কথা বলেছেন, তখন তা প্রত্যর্পণের অংশের বিষয়ে বলেছেন। প্রশ্নের অন্য অংশের বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।


শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠানোর বিষয়ে ভারতের আগ্রহ এবং জুলাই-আগস্ট ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় তাঁকে নিজের বক্তব্য তুলে ধরার ও ন্যায্য বিচার পাওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়েও মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।


শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে। তাঁর ভাষ্য, একজন ব্যক্তির ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথি প্রয়োজন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।


সম্পর্কিত খবর

;