সমাজ পরিবর্তনে সাহিত্য-সংস্কৃতির কর্মীদেরই নেতৃত্ব দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশ : 14 Nov 2026
সমাজ পরিবর্তনে সাহিত্য-সংস্কৃতির কর্মীদেরই নেতৃত্ব দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার: সাহিত্য-সংস্কৃতির কর্মীদের সমাজ পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে সাহিত্য-সংস্কৃতির কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য তাদের নিজেদের যোগ্যতা, নেতৃত্বের দক্ষতা, নৈতিকতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে হবে। সাংস্কৃতিক অঙ্গনে সুস্থ ধারার চর্চা বিকাশের পাশাপাশি মানুষের চিন্তা, মূল্যবোধ ও জীবনবোধ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে আয়োজিত ঢাকা মহানগর ও পেশাজীবী অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন।


প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নেতৃত্ব মানে শুধু দায়িত্ব গ্রহণ নয়; বরং মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করার সক্ষমতা অর্জন করা। সাহিত্য-সংস্কৃতির কর্মীদের আদর্শ, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে ইতিবাচক সামাজিক পরিবর্তনের আন্দোলন গড়ে তুলতে হবে।


লিডারশিপ প্রোগ্রামে বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় সাহিত্য-সংস্কৃতি কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন, দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর এবং লেখক-প্রকাশক কেন্দ্রের সহসভাপতি ড. ইকবাল কবীর মোহন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সভাপতি শিল্পী তাফাজ্জল হোসাইন খান, কবিতা বাংলাদেশের সহসভাপতি কবি মোশাররফ হোসেন খান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, বাংলাদেশ আবৃত্তি মঞ্চের আহ্বায়ক শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান এবং সাহিত্য-সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল।


লিডারশিপ প্রোগ্রামে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখা এবং পেশাজীবী শাখার আড়াই শতাধিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণমূলক আলোচনার পাশাপাশি শিল্পী ও আবৃত্তিকারদের পরিবেশনায় অনুষ্ঠানটি এক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।


সম্পর্কিত খবর

;