বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনোই টিকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে। তিনি আরও বলেন, দেশে অর্থপাচার ও নানা মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটানো হয়েছে। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।
তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, যখন জনগণের পিঠ দেওয়ালে ঠেকে যায় এবং কিছুই করার থাকে না, তখনই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকেই সাধারণ সিপাহী ও জনতা রাজপথে নেমে এসেছিল। সেই বিপ্লবের মধ্য দিয়েই বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
এদিকে, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিনশেড বাড়ির আটটি ঘরের মধ্যে পাঁচটি পুড়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনে দুটি ছাগল পুড়ে মারা গেছে বলে জানা গেছে।
নুসরাত তাবাসসুম অভিযোগ করেছেন, তার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। ঘটনার পর রাত ১টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকলে ভুল হবে। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবেন বলেও তিনি উল্লেখ করেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে টিনশেড ঘরের কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।
সংসদ সদস্যের ছোট ভাই ইসতিয়াক জানান, বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার প্রমাণ রয়েছে। তবে ফুটেজে কারা আগুন দিয়েছে, তা স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না। আগুনে পুড়ে যাওয়া বাড়িটির পাশেই থাকা তিনতলা ভবনের তৃতীয় তলায় নুসরাতের পরিবারের সদস্যরা বসবাস করেন, তবে সেখানে আগুন ছড়ায়নি। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, রাত ১২টা ২৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
অন্যদিকে, ঘটনার বিষয়ে সরকারের পক্ষ থেকে ভিন্ন তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে ধারণা পাওয়া গেছে। তবে আগুন লাগানো হয়েছে, নাকি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। পুলিশও জানিয়েছে, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন নুসরাত তাবাসসুম। সেখানে তিনি ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছেন বলে জানান। তিনি জানান, গত ২৮ অক্টোবর রাত ৯টার দিকে একটি ফোনে তাকে হুমকি দেওয়া হয়। তিনি এই হামলাকে পরিকল্পিত ও কাপুরুষোচিত আখ্যা দেন। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের হামলা দিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। সভায় রিজভী আরও বলেন, অতীতে একদলীয় শাসন, গুম, খুন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে দেশে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করা হয়েছিল। দেশে আর যেন সেই ভয়ের সংস্কৃতি ফিরে না আসে, সে জন্য একটি স্থায়ী ও ভয়হীন গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের আহ্বান জানান তিনি।
স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের পুরাতন বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রোল বোমা বা নাশকতার স ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৮০তম জন্মদিন আজ ১২ নভেম্বর। ১৯৪৬ সালের এই দিনে তিনি নওগাঁয় নিজ নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার মা বেগম হাসনা ...
যশোর অফিস: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবা ...
স্টাফ রিপোর্টার: জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নে ...
সব মন্তব্য
No Comments