নেত্রকোণায় দেশীয় ধানের জাত নির্বাচন করলেন কৃষকেরা

প্রকাশ : 12 Nov 2026
নেত্রকোণায় দেশীয় ধানের জাত নির্বাচন করলেন কৃষকেরা

নেত্রকোণা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পরিবেশের উপযোগী ধানের জাত সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে নেত্রকোণায় কৃষক নেতৃত্বে প্রায়োগিক ধানজাত গবেষণা ও বাছাইবিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামে বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ) উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।


বারসিকের নেত্রকোণা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে কৃষক-কৃষাণী ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা বারসিকের দেশীয় ধানের জাত সংরক্ষণ ও প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সম্পর্কে হাতে-কলমে ধারণা নেন। পাশাপাশি আগামী মৌসুমে চাষাবাদের জন্য নিজেদের পছন্দ ও স্থানীয় পরিবেশের উপযোগিতা বিবেচনায় ধানের জাত নির্বাচন করেন।


মাঠ পরিদর্শন শেষে বারসিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বারসিকের নেত্রকোণা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, কৃষক সংগঠক সায়েদ আহম্মদ খান ও মো. তাইজুল ইসলাম।


আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে নানা ধরনের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পরিবেশের উপযোগী দেশীয় ধানের জাত সংরক্ষণ ও চাষাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।


সম্পর্কিত খবর

;