বিদেশযাত্রার স্বপ্ন ভেঙে জন্ম নিল সম্ভাবনার সবুজ বাগান, পেঁপে চাষে স্বাবলম্বী বোচাগঞ্জের রাব্বি

প্রকাশ : 19 Nov 2026
বিদেশযাত্রার স্বপ্ন ভেঙে জন্ম নিল সম্ভাবনার সবুজ বাগান, পেঁপে চাষে স্বাবলম্বী বোচাগঞ্জের রাব্বি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে থমকে যায় সেই স্বপ্নের যাত্রা। তবে হতাশ হয়ে বসে না থেকে নিজের মেধা, শ্রম ও উদ্যোগকে কাজে লাগিয়ে নিজ মাটিতেই গড়ে তুলেছেন সম্ভাবনার এক সবুজ বাগান। বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে সফলতার মুখ দেখেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা রাব্বি চৌধুরী। উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের ডহরা গ্রামের বাসিন্দা রাব্বি চৌধুরীর এই সাফল্যের গল্প এখন স্থানীয় তরুণদের কাছে অনুপ্রেরণার নাম।


করোনা মহামারির কারণে বিদেশ যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজতে শুরু করেন রাব্বি। একপর্যায়ে কৃষিকাজকে সম্ভাবনাময় পেশা হিসেবে বেছে নিয়ে নিজ উদ্যোগে ৫০ শতক জমিতে শুরু করেন বাণিজ্যিক পেঁপে চাষ। সরেজমিনে তাঁর বাগানে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে বেড়ে ওঠা সবুজ পেঁপে গাছগুলোতে ঝুলছে অসংখ্য পুষ্টিকর ও সুস্বাদু পেঁপে। বাগানে তিনি ‘ইস্পাহানি কুইন’ ও ‘সুইট লেডি’ জাতের পেঁপে চাষ করেছেন। উন্নত জাতের চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার ফলে গাছগুলোতে ভালো ফলন এসেছে।


রাব্বি চৌধুরী জানান, পেঁপে চাষে এ পর্যন্ত তাঁর মোট খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। ইতোমধ্যে বাগান থেকে এক লাখ টাকারও বেশি মূল্যের পেঁপে বিক্রি করেছেন তিনি। অল্প পুঁজি বিনিয়োগ করে ভালো ফলন ও বাজারমূল্য পাওয়ায় তাঁর আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। পাশাপাশি নিজের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার আত্মবিশ্বাসও বেড়েছে।


শুধু পেঁপে চাষ নয়, দীর্ঘমেয়াদি আয়ের চিন্তা থেকে বাগানের চারপাশের বেড়ার পাশে সুপারি গাছ রোপণ করেছেন রাব্বি। তাঁর পরিকল্পনা, পেঁপে চাষের মেয়াদ শেষ হলেও সুপারি গাছ থেকে ভবিষ্যতে বাড়তি আয় করা সম্ভব হবে। এতে একই জমিকে কাজে লাগিয়ে একাধিক উৎস থেকে আয়ের সুযোগ তৈরি হবে।


রাব্বির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা। তিনি বলেন, বোচাগঞ্জ উপজেলায় পেঁপে চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। রাব্বির মতো নতুন ও উদ্যমী কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অধিদপ্তর সব সময় পাশে রয়েছে। তাঁদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।


বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ না হলেও নিজের দেশের মাটিতে পরিশ্রম ও উদ্যোগের মাধ্যমে সফলতার নতুন পথ তৈরি করেছেন রাব্বি চৌধুরী। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও সদিচ্ছা থাকলে নিজ এলাকাতেই কৃষিকে কেন্দ্র করে স্বাবলম্বী হওয়া সম্ভব। রাব্বির সবুজ পেঁপে বাগান এখন শুধু তাঁর আয়ের উৎস নয়, বরং বেকারত্বের হতাশায় থাকা স্থানীয় তরুণদের জন্যও এক আশার আলো। তাঁর মতো উদ্যোগী তরুণদের হাত ধরেই কৃষিনির্ভর অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা।


সম্পর্কিত খবর

;