মোবাইল ফোন বন্ধ রেখে কুয়াকাটায় গেলেন বিচারক,উদ্ধার করলো পুলিশ

প্রকাশ : 19 Nov 2026
মোবাইল ফোন বন্ধ রেখে কুয়াকাটায় গেলেন বিচারক,উদ্ধার করলো পুলিশ

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দু' দিন নিখোঁজ থাকার পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার হয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। মোবাইল ফোন বন্ধ রেখে একাকী ঘুরতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তৎপরতায় তাকে খুঁজে পাওয়া যায়।


বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাই কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তাকে উদ্ধারের পর জানা গেছে, তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।


পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে বের হন সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। এরপর তিনি আর বাসায় ফেরেননি। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।


দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।


এরপর থেকেই তার সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ। একপর্যায়ে বিএমপির প্রচেষ্টায় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তার অবস্থান শনাক্ত করা হয়।


দুই দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বেগ ও নানা প্রশ্ন তৈরি হলেও বিচারককে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়ায় স্বস্তি ফিরেছে স্বজন ও সংশ্লিষ্টদের মধ্যে।


সম্পর্কিত খবর

;