পঞ্চগড়ে গণযোগাযোগ অধিদপ্তরের জিপিএমএস কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

প্রকাশ : 13 Nov 2026
পঞ্চগড়ে গণযোগাযোগ অধিদপ্তরের  জিপিএমএস কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

রংপুর অফিস: গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে পঞ্চগড় সার্কিট হাউজে জিপিএমএস (সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি) কর্মপরিকল্পনা অবহিতকরণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১৩ই নভেম্বর) কর্মশালার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান। কর্মশালায় খুলনা ও সিলেট বিভাগের ১৪টি জেলা তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।


কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান বলেন, সরকারি সেবাপ্রদানে জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে জিপিএমএস চালু করা হয়েছে। এ পদ্ধতির মাধ্যমে নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী দপ্তরের কার্যক্রম বাস্তবায়ন, অগ্রগতি মূল্যায়ন এবং কর্মসম্পাদনের মান যাচাই করা হবে।


মহাপরিচালক বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের জিপিএমএস সম্পর্কে যথাযথ ধারণা থাকতে হবে। কর্মপরিকল্পনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা সময়মতো অর্জনের পাশাপাশি প্রতিটি কার্যক্রমের সঠিক তথ্য ও প্রমাণক সংরক্ষণ করতে হবে। শুধু লক্ষ্যমাত্রা নির্ধারণ বা প্রতিবেদন তৈরির মধ্যে কর্মসম্পাদন সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের গুণগত মান ও বাস্তব ফলাফল নিশ্চিত করতে হবে।


মহাপরিচালক আরও বলেন, জেলা তথ্য অফিসগুলো সরকারের উন্নয়ন কার্যক্রম, নীতি ও জনসচেতনতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জিপিএমএসের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর জন্য মহাপরিচালক জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।


পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম এবং গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

 

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক ফাহিমা জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মো. কবির উদ্দিন।


সম্পর্কিত খবর

;