যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক রীতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

প্রকাশ : 13 Nov 2026
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক রীতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

স্টাফ রিপোর্টার: যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা (এমবিএ)-কে ঘিরে বহিষ্কার ও পাল্টা অভিযোগ নিয়ে আলোচনা চলছে। এক পক্ষ বলছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। আরেক পক্ষ, অর্থাৎ রিতা ও তাঁর সমর্থকদের দাবি, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে।


বহিষ্কারের বিষয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শারমিন আক্তার রিতা ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।


মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শারমিন আক্তার রিতাকে যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে এবং এখন থেকে তিনি দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


অন্যদিকে রিতার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাঁর সততা, কর্মদক্ষতা এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ হিসেবেও এ কথা বলা হচ্ছে। তবে এই ষড়যন্ত্রের অভিযোগ এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।


রিতার সমর্থকদের ভাষ্য অনুযায়ী, শারমিন আক্তার রিতা একজন সমাজসেবক ও নারী নেত্রী। শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে তাঁরা দাবি করেন। তাঁদের দাবি অনুযায়ী, সারাদেশে প্রায় ১০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন।


তাঁর পক্ষ থেকে আরও বলা হয়েছে, কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে ঢাকা ব্যাংক ও মেঘনা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি করেছেন। দীর্ঘ ১৪ বছরে ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তিনি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছেন বলে দাবি করা হয়।


এ বিষয়ে ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডে বিএনপি থেকে সম্ভাব্য সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা (এমবিএ) জানান, ঢাকা-৫ আসনে তাঁদের সকলের প্রিয় ও আস্থাভাজন নেতা নবী উল্লাহ নবী। তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। এ বিষয়ে তাঁর রাজনৈতিক অভিভাবক ও নেতা নবী উল্লাহ নবীর পরামর্শক্রমে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি মনে করেন, কোনো ধরনের অন্যায়, অপপ্রচার কিংবা সম্মানহানির ঘটনা ঘটলে তা যথাযথ প্রক্রিয়ায় মোকাবিলা করা প্রয়োজন। সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, আমাকে হেয়প্রতিপন্ন করতেই মিথ্যা তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। তবে সুষ্ঠু তদন্ত করলে অভিযোগের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।


একই সঙ্গে যারা এ ধরনের কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, তাঁদের বক্তব্যও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে সংশ্লিষ্ট মহল মনে করে। কারণ একপক্ষের অভিযোগ দিয়েই কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না।


সচেতন মহলের প্রত্যাশা, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধকে কেন্দ্র করে যেন একজন নারী নেত্রীর সম্মানহানি না ঘটে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক। রাজনৈতিক মতপার্থক্য বা সাংগঠনিক বিরোধের জেরে যেন কোনো নারী নেত্রীকে হয়রানি, অপমান কিংবা মিথ্যা প্রচারণার শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন সচেতন মহল।


রিতার ভাষায়, দাবি একটাই, সত্য প্রকাশ হোক, ষড়যন্ত্রের অবসান হোক এবং সাংগঠনিক ন্যায়বিচার নিশ্চিত হোক।


সম্পর্কিত খবর

;