মেয়াদ শেষের আগে কিউবায় সামরিক অভিযান করতে চান ট্রাম্প

প্রকাশ : 13 Nov 2026
মেয়াদ শেষের আগে কিউবায় সামরিক অভিযান করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মেয়াদ শেষ হওয়ার আগে কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করবেন। ‘দ্য হিউ হিউইট শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা ছাড়ার আগে তিনি ‘কিউবার বিষয়টি মিটিয়ে ফেলতে’ চান।


বৃহস্পতিবার রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে ফোন সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি কিউবাকে ‘মুক্ত’ করতে সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই এটা বিবেচনা করব, হ্যাঁ।’ তিনি বলেন, ‘আমি চলে যাওয়ার আগে কিউবার বিষয়টি মিটিয়ে ফেলতে চাই।’ তাঁর প্রশাসন কিউবার পরিস্থিতি ‘খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করছে বলেও জানান তিনি।


সাক্ষাৎকারে ট্রাম্প কিউবাকে ‘মূলত একটি ব্যর্থ রাষ্ট্র’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, কিউবা ‘খুব খারাপ অবস্থায়’ রয়েছে। কিউবায় সামরিক অভিযানের বিষয়ে এটাই প্রথমবার ট্রাম্প কোনো সময়সীমা দিলেন বলে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০২৯ সালের জানুয়ারিতে।


ট্রাম্প ইঙ্গিত দেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ উদ্যোগ নিতে আগ্রহী হবেন। রুবিওর বাবা-মা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন। ট্রাম্প বলেন, ‘আমাদের কিউবার জন্য একজন খুব দক্ষ ও ভালো মানুষ আছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যার বাবা-মা কিউবা থেকে এসেছেন।’ তিনি আরও বলেন, রুবিও ‘এটা করতে ভালোবাসবেন।’


ট্রাম্প বলেন, তিনি কিউবা থেকে এসে যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করা কিউবানদের জন্য এটা করতে চান, যাদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছিল। তিনি দাবি করেন, ফ্লোরিডায় কিউবান ভোটে তিনি ব্যাপক ব্যবধানে জিতেছেন।


এটা নতুন কোনো হুমকি নয়। ট্রাম্প বারবার কিউবার কর্তৃপক্ষকে উৎখাতের হুমকি দিয়েছেন। গত সোমবার তিনি বলেছিলেন, কিউবা ‘খুব শিগগিরই পতিত হবে’ এবং যুক্তরাষ্ট্র ‘মানবিক ভিত্তিতে’ সাহায্য করবে। গত মার্চে তিনি বলেছিলেন, তাঁর ‘কিউবাকে নেওয়ার সম্মান’ পাওয়ার বিশ্বাস রয়েছে। সে সময় দ্বীপটির বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়েছিল।


গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল কিউবায় যাওয়া বন্ধ করে দেয়। এরপর ট্রাম্প কিউবার ওপর কার্যত তেল অবরোধ আরোপ করেন। তিনি একটি নির্বাহী আদেশে কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক ও অসাধারণ হুমকি’ হিসেবে ঘোষণা করেন এবং জ্বালানি সরবরাহকারী যেকোনো দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেন।


এই অবরোধের ফলে বারবার দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি ও খাদ্য সংকট এবং মানবিক সংকট তৈরি হয়েছে। কিউবার কর্মকর্তারা একে ‘সম্মিলিত শাস্তি’ বলে অভিহিত করেছেন।


ওয়াশিংটন নিষেধাজ্ঞাও বাড়িয়েছে। এর মধ্যে রয়েছে কিউবার রাষ্ট্রীয় তেল কোম্পানি, প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এবং সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর আত্মীয়দের ওপর নিষেধাজ্ঞা। চলতি মাসে সরকার, সামরিক বাহিনী ও তেল শিল্পের সঙ্গে যুক্ত ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।


অবরোধ নিয়ে দুই পক্ষের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলেও কিউবার পররাষ্ট্রমন্ত্রী গত জুনে বলেছিলেন, ‘কোনো অগ্রগতি’ হয়নি। গত মার্চে মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান সিনেটরদের বলেছিলেন, মার্কিন সৈন্যরা কিউবায় আক্রমণের মহড়া দিচ্ছে না। কিউবার কর্মকর্তারা বলেছেন, দ্বীপটি যেকোনো আক্রমণের জন্য প্রস্তুত।


সম্পর্কিত খবর

;