বিবিসি বাংলা প্রতিবেদন
ডেস্ক রিপোর্ট: যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ যেন পান শেখ হাসিনা, সেটিও নিশ্চিত করতে চায় ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিসি বাংলার প্রতিবেদনের বরাতে জানা যায়, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে নয়াদিল্লি দুটি প্রধান শর্ত সামনে এনেছে। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে। তাকে আনতে হবে একটি সামরিক বিমান পাঠিয়ে। কারণ ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর তিনি বাংলাদেশের একটি সামরিক বিমানেই ভারতে গিয়েছিলেন। অবশ্য স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্ট দিয়েও সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারের নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।
একই তথ্য উঠে এসেছে ইংরেজি দৈনিক নিউ এজ-এর প্রতিবেদনেও। সেখানে বলা হয়েছে, ভারত চায় বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে ফিরিয়ে নিক, একই সঙ্গে তাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া হোক এবং জুলাই ২০২৪-এর দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচার হোক। প্রতিবেদনটি ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাতে তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।
ভারতীয় নীতিনির্ধারকরা চেয়েছিলেন শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তা সম্ভব হয়নি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে ভারত। এছাড়া নয়াদিল্লি মনে করে, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’ ভারত চায় আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক।
এছাড়া এক ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা যাতে ঝুঁকির মুখে না পড়ে, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে তার সুরক্ষার দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা চায় নয়াদিল্লি।
বিবিসি বাংলা জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত প্রত্যর্পণ চুক্তির আইনি দিক দেখিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তাকে তুলে দিতে চায় না ভারত, কারণ এতে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে।
তবে গত কয়েক মাস ধরে এ বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এই বৈঠক হয়েছিল।
ভারতে সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, চব্বিশের জুলাইয়ের পর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে। দুই সেনাবাহিনীর মধ্যে এই সহজ, স্বাভাবিক সম্পর্কটা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক, এটাই আসলে ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন।
ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্স কে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছে বিবিসি বাংলা।
তবে ভারতীয় কর্মকর্তাদের সন্দেহ, জ্বালানি সংকট ও পোশাক শ্রমিকদের বিক্ষোভের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশের বর্তমান সরকার আদৌ শেখ হাসিনাকে এখন ফেরাতে চায় কি না। কারণ তার ফেরা দেশে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।
নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে তার ফেরা কঠিন জেনেও ভারত এই ঘোষণায় সম্মতি দিয়েছে। তার ভাষায়, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, এই ঘোষণা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলেও, ভারতে তার অবস্থান দীর্ঘায়িত করার পেছনে নয়াদিল্লির হাতে একটি নতুন যুক্তি তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সাহিত্য-সংস্কৃতির কর্মীদের সমাজ পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আগুন ও বিস্ ...
স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের পুরাতন বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রোল বোমা বা নাশকতার স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত নাশকতার অংশ বলে মন্তব ...
সব মন্তব্য
No Comments