পরিদর্শনে যাচ্ছেন বিরোধী দলীয় এমপিরা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে মামলায় এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করতে চাননি তিনি। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নুসরাত তাবাসসুমের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে দৌলতপুর থানায় গিয়ে মামলার এজাহার জমা দেন। মামলার নম্বর ৩২। মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দৌলতপুর উপজেলা কমিটির সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নিষিদ্ধঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মো. মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ ২৫/৩০ জন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সংসদ অধিবেশন চলায় ঘটনার দিন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঢাকায় অবস্থান করছিলেন। দৌলতপুরের বাগোয়ান গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে বাবা আব্দুল হালিম (টম মাস্টার), মা মোছা. জহুরা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর ৩টি বিকট শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে তাঁরা দেখেন, বসতঘর, উঠান ও আশপাশের সবকিছুতে আগুন জ্বলছে। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, আগুনে তাঁর (সংসদ সদস্য নুসরাত তাবাসসুম) বাড়ির এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি ভস্মীভূত হয়েছে। গোয়ালে থাকা ৩টি ছাগল পুড়ে মারা গেছে। এতে তাঁর আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়াও এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিলেন। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় নতুন তথ্য হিসেবে জানা গেছে, সিসিটিভি ফুটেজ দেখার পর নুসরাত তাবাসসুম দাবি করেছেন, বাড়ির পেছন দিক থেকে চারবার আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল। তিনি বলেছেন, ‘আমার কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। আমি এটাকে রাজনৈতিক নাশকতা মনে করছি।’ তবে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগটি পুলিশ এখনো স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন।
এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় বিরোধী দলীয় সংসদ সদস্যদের একটি দল নুসরাত তাবাসসুমের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এনসিপির মিডিয়া সচিব ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও এমপি মাহমুদা আলম মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মো. মাসুদ পারভেজ এবং কুষ্টিয়া-২ আসনের এমপি মো. আব্দুল গফুর। পরিদর্শন শেষে তাঁরা সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে গবাদি পশু মারা যায়। এ ঘটনায় নুসরাত তাবাসসুমের পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্টাফ রিপোর্টার: সাহিত্য-সংস্কৃতির কর্মীদের সমাজ পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন ...
ডেস্ক রিপোর্ট: যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরি ...
স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের পুরাতন বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রোল বোমা বা নাশকতার স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত নাশকতার অংশ বলে মন্তব ...
সব মন্তব্য
No Comments