৩০ মিলিয়ন ডলার ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড পাচ্ছে বাংলাদেশ

প্রকাশ : 12 Nov 2026
৩০ মিলিয়ন ডলার ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড পাচ্ছে বাংলাদেশ

ফেরদৌস আহমেদ, আনতালিয়া (তুরস্ক) থেকে: ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।


এ সময় তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) জলবায়ু সম্মেলন কেন্দ্রে বেলা ১২টায় ঘোষণা করা হয়েছে। যা জলবায়ু সম্মেলনে প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছে। সেখানে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড থেকে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার গ্র্যান্ট (অনুদান) হিসেবে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যা আমাদের জন্য একটি বড় পাওয়া।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বলেছেন, সেটি হলো— আমাদের যে কাজগুলো করছি, তার জন্য ঋণ প্রয়োজন আছে। কারণ ব্যবসা করতে গেলে ব্যাংকের ঋণ অনেক প্রয়োজন। সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে— এডিবি, বিশ্বব্যাংক বা এআইআইবি ব্যাংক সবার সঙ্গে আমাদের এই মেকানিজম তৈরি করতে হবে। কারণ, জলবায়ুর যে ঋণ আছে তা সহজে কম সুদে পাওয়া যায়। সেটা করলে আমরা যে কাজ করছি, আমি মনে করি এই ফান্ডগুলো আমাদের জন্য কার্যকর হবে। যেহেতু ঋণ নিতে গেলে প্রতি হাজার টাকার জন্য ১০০ টাকা গ্র্যান্ট দিতে হয়। আমরা গ্র্যান্ট যেটা পাব, সেটা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি। এটা কোনো চ্যারিটি না, এটা তাদের দায়িত্ব; এজন্য তারা সেটা দিচ্ছে। এর পাশাপাশি, আমাদের যে জলবায়ু ঋণ, সেটার জন্য আমরা চেষ্টা করতে হবে, যাতে আমরা সহজ শর্তে পেতে পারি। তাহলে দেখা যাচ্ছে, আমাদের কর্মকাণ্ডগুলো খুব সহজেই করা যাবে।


তিনি আরও বলেন, আমাদের জন্য যে অনুদান আসছে, এটা দেখা গেছে যারা ক্লাইমেট ভুক্তভোগী আছে, তাদের ক্ষেত্রে ব্যয় করা হবে। আজকে যে অনুদান দেওয়া হয়েছে, এটা কিন্তু উপকূলের মানুষের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। তাদের উন্নয়নে এটা নিয়ে কাজ করা হবে। মূলত আমাদের ইকোসিস্টেম রিস্টোরেশন, শেল্টার সেন্টার ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকার সাইক্লোন শেল্টার সেন্টারের জন্য কাজ করব।


এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংবাদ সম্মেলনে বলেন, এই প্রথমবারের মতো পরিবেশ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবারের জলবায়ু সম্মেলনকে গুরুত্ব দেওয়া হয়েছে। জলবায়ু সম্মেলনে আসার আগে আমরা একাধিকবার এটা নিয়ে বসেছি এবং কথা বলেছি। আমরা প্রথমবারের মতো দফায় দফায় আমাদের পরিবেশ বিশেষজ্ঞ, সামাজিক বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সংস্থাগুলোর সঙ্গে বসেছি। সেখানে আমাদের স্পষ্ট বার্তা ছিল, এবারের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের এক এবং অভিন্ন বক্তব্য হতে হবে। সরকারি অথবা বেসরকারি কিংবা আমরা যে যেখান থেকে কথা বলি না কেন, সকল কথা যেন একই রকম হয়। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যেন সবচেয়ে ভালো কিছু নিয়ে যেতে পারি, আমরা যে জায়গাটা এবার নিশ্চিত করেছি।


তিনি বলেন, আপনারা দেখেছেন এবার কপ-৩১ সম্মেলনে অনেক দেশ উপস্থিত ছিল না। কিন্তু সেখানে বাংলাদেশ উপস্থিত ছিল। কারণ, বাংলাদেশ জলবায়ু মোকাবিলা করতে গিয়ে অনেক অর্জন আছে। যার ফলে আমরা জলবায়ু নিয়ে নেতৃত্বের জায়গায় আছি।


পাট সম্পদ আমাদের জন্য গর্বের। এই পাট নিয়ে আমাদের অহংকার করার মতো অনেক কিছু আছে। যেটা আমরা পরিবেশবান্ধব পণ্য হিসেবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই এবং ব্যবসায়িক পরিবেশবান্ধব পণ্য হিসেবে এটাকে আমরা রপ্তানি করতে চাই। যে পণ্য বিশ্বের বাজারে থাকা প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে কাজ করবে।


তিনি আরও বলেন, তুরস্কে আমাদের অনেকগুলো বৈঠক হয়েছে। তার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকগুলো দেশের সরকারপ্রধান ও তাদের প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এসব দ্বিপক্ষীয় বৈঠকে জলবায়ু পরিবর্তনসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও, আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রী জোবায়দা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রী এমিনে এরদোয়ানের বৈঠক হয়েছে। এই বৈঠকটি সফল একটি বৈঠক হয়েছে। মূলত এই বৈঠকে আমাদের দেশের পাটকে তুরস্কের প্রেসিডেন্ট সাদরে গ্রহণ করেছেন। যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এছাড়াও, আমাদের দেশের নারীরা যেসব সমস্যা মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কীভাবে নারীরা সেসব সমস্যা সমাধান করছে— এজন্য তুরস্কের একটি বিশেষজ্ঞ টিম তারা আমাদের দেশে পাঠাতে চেয়েছে এবং তিনি জিরো ওয়েস্ট পদক্ষেপ নিয়ে আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।


প্রসঙ্গত, সিআইএফের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ অ্যাকসেলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ (এআরআইএসই) কর্মসূচির প্রথম পর্যায়ে নির্বাচিত পাঁচটি দেশের একটি। অন্য দেশগুলো হলো হাইতি, কিরগিজ প্রজাতন্ত্র, মরক্কো ও সিয়েরা লিওন। এছাড়া মালাউই ও মোজাম্বিককে নিয়ে একটি আঞ্চলিক কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত দেশ ৩০ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থায়নের জন্য বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবে।


সম্পর্কিত খবর

;