স্টাফ রিপোর্টার: আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে নিউ এইজ গ্রুপের তিনটি কারখানা, নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলসের প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি বিবেচনায় সকাল ৮টা ৫০ মিনিটে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
ছুটি ঘোষণার পর শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে গেলেও তাদের একটি অংশ কারখানার ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী ‘আলিফ পরিবহন’-এর একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। পরে উত্তেজিত শ্রমিকেরা বাসটির জানালার কাচ ভাঙচুর করেন বলে শিল্প পুলিশ জানিয়েছে। এ ছাড়া পাশের আল-মুসলিম অ্যাপারেলস ও জনরন সোয়েটার কারখানায় হাঙ্গামার চেষ্টা করেন তারা।
এ পরিস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, শ্রমিকদের সতর্ক করতে একটি সাউন্ড গ্রেনেড ও একটি টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
এ সময় আতঙ্কে দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গিয়ে তিন নারী শ্রমিক আহত হন। আহতরা হলেন কারখানার অপারেটর মোছা. সিরাতুব, মোছা. রেখা ও মোছা. সুইটি। তাদের মধ্যে সিরাতুব মাথায় এবং অপর দুজন পায়ে আঘাত পেয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ।
ঘটনা নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। প্রত্যক্ষদর্শী সেলিমের অভিযোগ, নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় তারা আশপাশের চালু কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন। যেসব কারখানার শ্রমিকেরা দেরিতে বের হচ্ছিলেন, তাদেরও মারধর করেন। তার ভাষ্য অনুযায়ী, অন্য কারখানার শ্রমিকেরা কেন কাজ বন্ধ না করে কাজ চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষোভ থেকেই তাদের ওপর হামলা করা হচ্ছে। এমনকি রিকশা থেকে নামিয়েও শ্রমিকদের মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অন্যদিকে মুঠোফোনে নিউ এইজ কারখানার একজন আন্দোলনরত নারী পোশাকশ্রমিক দাবি করেছেন, শ্রমিকেরা কোনো কারখানা বা অন্য কোনো শ্রমিকের ওপর হামলা করেননি। বরং কারখানা থেকে বের হওয়ার মাত্রই পুলিশ তাদের ওপর হামলা করেছে। তিনি বলেন, সরকার ও মালিকপক্ষ বরাবরই মজুরি ঘোষণা নিয়ে তালবাহানা করে। সেদিনের মিটিংও একজনের জন্য স্থগিত করা হয়েছে। বিষয়গুলোকে ‘স্পষ্ট গড়িমসি’ উল্লেখ করে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান তিনি।
এ ঘটনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পার্শ্ববর্তী অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইন লিমিটেড কর্তৃপক্ষও সাধারণ ছুটি ঘোষণা করে। ওই কারখানাগুলোর শ্রমিকরাও কর্মস্থল ত্যাগ করেন।
এদিকে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আজ আশুলিয়ায় মোট ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাগুলো হলো সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, এ এম ডিজাইন লিমিটেড, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড, ওয়াইপি লিমিটেড ও কমপ্লিট কম্পোজিট লিমিটেড।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলের ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আরও তিনটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ওই এলাকার ২২টি কারখানা বন্ধ রয়েছে। সব মিলিয়ে শিল্পাঞ্চলের মোট ৪৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে বলে জানান শিল্প পুলিশ সুপার। চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় হা-মীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকেরা ধীরে ধীরে ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন। বর্তমানে জিরাবো ও নিশ্চিন্তপুর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
শ্যামল বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্থাপিত লোহার ব্যারিকেড রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে সড়ক রক্ষার উদ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে তরুণ শিল্পীদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী বডি পাপেট নির্মাণ ও পরিচালনাবিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। ক্যানভাস পাপেট থিয়েটারের আয়োজনে, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চিটাগাং এবং ফরাসি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত আরেকটি ককটেল। পরে ...
মো: রায়হান ঊদ্দিন,বেনাপোল প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।র ...
সব মন্তব্য
No Comments